মেহেরপুরের গাংনী সীমান্তে পৃথক অভিযানে ৭ লাখ ৮৮ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় মদ, ফেন্সিডিল ও ডেক্সামেথাসন ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার দুপুরে বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গাংনী উপজেলার রংমহল ও শুভরাজপুর বিওপির টহল দল সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে এসব মাদকদ্রব্য উদ্ধার করে। তবে এসব অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত সব মাদক মালিকবিহীন অবস্থায় পরিত্যক্ত স্থান থেকে জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, রংমহল বিওপির একটি চৌকষ টহল দল খাসমহল মাঠ এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৯ বোতল ভারতীয় মদ এবং ১ হাজার ৩০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট উদ্ধার করে। যার আনুমানিক সিজার মূল্য ৪ লাখ ৩ হাজার ৫০০ টাকা।
একইদিন শুভরাজপুর বিওপির টহল দল শুভরাজপুর মাঠপাড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১০ বোতল ভারতীয় মদ এবং ১ হাজার পিস ডেক্সামেথাসন ট্যাবলেট উদ্ধার করে। উদ্ধারকৃত এসব মাদকের আনুমানিক মূল্য ৩ লাখ ১৫ হাজার টাকা।
এছাড়া রংমহল বিওপির আরেকটি টহল দল বর্ডারপাড়া এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১৭৫ বোতল ভারতীয় ফেন্সিডিল (ফেয়ারডিল) সিরাপ উদ্ধার করে। যার আনুমানিক সিজার মূল্য ধরা হয়েছে ৭০ হাজার টাকা।
সব মিলিয়ে তিনটি অভিযানে ১৯ বোতল ভারতীয় মদ, ১৭৫ বোতল ফেন্সিডিল সিরাপ এবং ২ হাজার ৩০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের মোট সিজার মূল্য ৭ লাখ ৮৮ হাজার ৫০০ টাকা। উদ্ধারকৃত মালামাল গাংনী থানায় মামলা করব হস্তান্তর করা হয়েছে।


