গাজীপুরের কোনাবাড়ীতে অবৈধভাবে জ্বালানি তেল মজুদের অভিযোগে একটি ফিলিং স্টেশনে যৌথ অভিযান চালিয়েছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও জেলা প্রশাসন।এসময় বিপুল পরিমাণ অকটেন, ডিজেল ও পেট্রোল জব্দ করা হয় এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
রবিবার (১৯ এপ্রিল) দুপুরে মহানগরীর কোনাবাড়ীর নতুনবাজার এলাকায় অবস্থিত মেসার্স আলী ফিলিং স্টেশনে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসন গাজীপুরের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ আলী আদনান।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে ফিলিং স্টেশনটিতে অবৈধভাবে মজুদকৃত ২ হাজার ২৬২ লিটার অকটেন, ৩ হাজার ৩২৪ লিটার ডিজেল এবং ৯৬০ লিটার পেট্রোল শনাক্ত করা হয়। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান চলাকালে জব্দকৃত জ্বালানির মধ্যে ১ হাজার লিটার অকটেন তাৎক্ষণিকভাবে সরকার নির্ধারিত মূল্যে সাধারণ ভোক্তাদের কাছে বিক্রি করে দেওয়া হয়। অবশিষ্ট ১ হাজার ২৬২ লিটার অকটেনসহ ৩ হাজার ৩২৪ লিটার ডিজেল ও ৯৬০ লিটার পেট্রোলও পর্যায়ক্রমে ফিলিং স্টেশন কতৃপক্ষ নির্ধারিত দামে বিক্রি কররে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জ্বালানি তেল অবৈধভাবে মজুদ করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি ও অতিরিক্ত মুনাফা অর্জনের অপচেষ্টা রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে সংশ্লিষ্টদের ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়েছে।
পড়ুন:কিশোরগঞ্জে হামের সংক্রমণ বৃদ্ধি কাল থেকে শুরু হচ্ছে বিশেষ টিকাদান কর্মসূচি
দেখুন:সংকটে ওয়ান ব্যাংক, সমন্বয়ক বসাচ্ছে বাংলাদেশ ব্যাংক
ইমি/


