চট্টগ্রামে কর্মরত সাংবাদিকদের আবাসন সুবিধা নিশ্চিত, হাউজিংয়ের সুরক্ষা ও উন্নয়নের লক্ষ্যে গঠিত কমিটির নেতারা চট্টগ্রাম সাংবাদিক হাউজিং সোসাইটি পরিদর্শন করেছেন।
শনিবার (২৫ এপ্রিল) দুপুরে নগরের শেরশাহ এলাকায় অবস্থিত সাংবাদিক হাউজিং সোসাইটিতে এ পরিদর্শন করা হয়।
এসময় নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব শুধু সংবাদ সংগ্রহ ও প্রকাশে সীমাবদ্ধ নয়; তাদের ব্যক্তিগত নিরাপত্তা, স্থিতিশীলতা ও সম্মানজনক জীবনযাপন নিশ্চিত করাও সমান জরুরি। বর্তমান বাস্তবতায় নিরাপদ আবাসন নিশ্চিত করা একটি বড় চ্যালেঞ্জ, যা সরাসরি পেশাগত মনোযোগ ও কাজের মানকে প্রভাবিত করে।
তারা আরও বলেন, মাথা গোঁজার নিশ্চিন্ত আশ্রয় না থাকলে একজন সাংবাদিকের পক্ষে দায়িত্বশীলভাবে কাজ করা কঠিন হয়ে পড়ে। তাই সাংবাদিকদের আবাসন সুরক্ষা নিশ্চিত করা এখন সময়ের দাবি।
নেতৃবৃন্দ জোর দিয়ে বলেন, কেবল বিদ্যমান সংকট সমাধান নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্য টেকসই ও আধুনিক আবাসন ব্যবস্থা গড়ে তোলাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্য অর্জনে প্রয়োজন পারস্পরিক সহযোগিতা, ঐক্য এবং সুপরিকল্পিত উদ্যোগ।
তারা সকল সাংবাদিককে ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই একটি নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্থায়ী আবাসন ব্যবস্থা গড়ে তোলা সম্ভব।
পরিদর্শনে উপস্থিত ছিলেন— আবাসন সংক্রান্ত বিভিন্ন সমস্যা নিরসন ও ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়ন কমিটির সদস্য সচিব এবং দ্য ডেইলি স্টারের সাবেক ব্যুরো প্রধান মো. নজরুল ইসলাম শিমুল, আহ্বায়ক কমিটির সদস্য ও বাংলাভিশনের চট্টগ্রাম ব্যুরো প্রধান নাসির উদ্দিন তোতা, নাগরিক টেলিভিশনের ব্যুরো প্রধান এ কে আজাদ, জিটিভির সিনিয়র রিপোর্টার তৌহিদুল আলম, দৈনিক আজাদীর সিনিয়র রিপোর্টার মোরশেদ তালুকদার। এছাড়া দৈনিক আজকের পত্রিকার চট্টগ্রাম ব্যুরো প্রধান ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সবুর শুভ, বাংলাধারা সম্পাদক ফেরদৌস শিপন, মাছরাঙা টেলিভিশনের ব্যুরো প্রধান নাজমুল সাদেকী , জাগো নিউজ চট্টগ্রামের প্রধান ইকবাল হোসেন, বাংলানিউজের মিনহাজুল ইসলাম, দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার আহমেদ মুসা সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন।
পড়ুন- ওয়াশিংটনে গুলির ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারীর পরিচয় শনাক্ত


