পূর্বঘোষণা ছাড়াই হঠাৎ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা মডেল থানায় আকস্মিক পরিদর্শনে গেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
থানা পরিদর্শনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এতে দেখা যায়, স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কক্ষে প্রবেশ করেন। সে সময় কক্ষে চার-পাঁচজন ব্যক্তি উপস্থিত ছিলেন এবং তাদের মধ্যে অন্য থানার দুইজন পুলিশ সদস্যও ছিলেন। প্রবেশ করেই স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থিতদের পরিচয় ও সেখানে আসার কারণ জানতে চান।
তিনি ডিউটি অফিসারের কক্ষ, হাজতখানা ও অন্যান্য কক্ষ ঘুরে দেখেন। হাজতখানার অবস্থা, ধারণক্ষমতা এবং ব্যবহারযোগ্যতা সম্পর্কে বিস্তারিত জানতে চান। হাজতে থাকা এক ব্যক্তির খাবারও সরেজমিন দেখেন তিনি। এছাড়া ওয়াশরুম ও ফ্যানের ব্যবস্থা আছে কি না, সে বিষয়েও খোঁজ নেন। পুলিশ সদস্যদের থাকার মেসও ঘুরে দেখেন স্বরাষ্ট্রমন্ত্রী।
থানা সূত্রে জানা গেছে, বেলা ১১টার পর মন্ত্রী রমনা মডেল থানায় প্রবেশ করেন। সেখানে গিয়ে তিনি থানার হাজতখানা, ভেতরের বিভিন্ন জায়গা পরিদর্শন করেন। পরে তিনি দায়িত্বশীল বিভিন্ন কর্মকর্তার সঙ্গে কথা বলেন, তাদের খোঁজখবর নেন ও বিভিন্ন সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন।
মন্ত্রী সততা, ন্যায়নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে সাধারণ জনগণকে (সেবাগ্রহীতাদেরকে) সেবা দেয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। পুলিশ সদস্যদের মধ্যে কারও বিরুদ্ধে দায়িত্বে অবহেলা ও দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে তাদের রিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও হুঁশিয়ারি দেন মন্ত্রী। ১০-১১ মিনিট থেকে তিনি আবার থানা ত্যাগ করেন।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

