জামালপুরের বকশীগঞ্জে এসএসসি পরীক্ষা চলাকালে অসদুপায় অবলম্বনের অভিযোগে এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। টয়লেটে যাওয়ার অজুহাতে পরীক্ষা কক্ষ ত্যাগ করে মোবাইল ফোন ব্যবহার করে প্রশ্ন সমাধানের চেষ্টা করার সময় তাকে আটক করা হয়।
মঙ্গলবার (২৮ এপ্রিল) উপজেলার উলফাতুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষায় এ ঘটনা ঘটে। বহিষ্কৃত পরীক্ষার্থী জিসান রহমান (১৭) বকশীগঞ্জ এনএম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।
কেন্দ্র সূত্রে জানা যায়, পরীক্ষা চলাকালে জিসান রহমান টয়লেটে যাওয়ার কথা বলে কক্ষ ত্যাগ করেন। এ সময় তিনি একই কক্ষের এক শিক্ষার্থীর প্রশ্নপত্র সঙ্গে নিয়ে বাইরে যান। কিছুক্ষণ পর ওই শিক্ষার্থী প্রশ্নপত্র না পেয়ে কান্নাকাটি শুরু করলে বিষয়টি কক্ষ পরিদর্শকদের নজরে আসে।
পরবর্তীতে দীর্ঘ সময় অতিবাহিত হলেও অভিযুক্ত পরীক্ষার্থী আসনে ফিরে না আসায় সন্দেহ সৃষ্টি হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছে থাকা একটি কলমের ভেতর লুকানো মোবাইল ফোন উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, তিনি মোবাইল ব্যবহার করে প্রশ্নের উত্তর সংগ্রহের চেষ্টা করছিলেন।
ঘটনাটি জানার পর কেন্দ্র সচিব তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে তাকে পরীক্ষা থেকে বহিষ্কার করেন। কেন্দ্র সচিব বিপ্লব কিশোর চক্রবর্তী বলেন, “অসদুপায় অবলম্বনের দায়ে তাকে বহিষ্কার করা হয়েছে।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন বলেন, “পরীক্ষার হলে কোনো ধরনের অনিয়মের সুযোগ নেই। নকল ও অসদাচরণের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি।”
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।


