‘ভাষা ও কাজ শিখে তবেই বিদেশ যেতে হবে; এর কোনো বিকল্প নেই’Ñ এই স্লোগান নিয়ে টাঙ্গাইলে বিদেশ ফেরত নারী ও শিশু অভিবাসীদের অধিকার বিষয়ে সচেতনতা তৈরিতে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে টাঙ্গাইলের ব্র্যাক আঞ্চলিক কার্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ) মো. সেলিম মিয়া।
ব্র্যাকের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর সরকার হাসান ওয়াইজের সভাপতিত্বে বক্তব্য রাখেন- জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মুহাম্মদ আনোয়ার হোসেন, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক ফাতেমা বেগম প্রমুখ।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাকের টেকনিক্যাল এক্সপার্ট (রেফারেল অ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং) সাবিনা সাঈদ।
কর্মশালায় সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, নাগরিক সমাজের প্রতিনিধি এবং বিদেশফেরত অভিবাসী ও তাঁদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, নারী কর্মীদের বিদেশ যেতে কোনো টাকা লাগে না। কিন্তু স্থানীয় দালালদের খপ্পরে পড়ে তারা টাকা লেনদেন করেন। এ ধরনের বেআইনি কাজ থেকে সবাইকে বিরত থাকতে হবে এবং সচেতন হতে হবে। সরকার অনুমোদিত প্রবাসী কল্যাণ সেন্টারের মাধ্যমে বিদেশ-ফেরত ও বিদেশগামীদের সব ধরনের সুযোগ-সুবিধা ও সেবা নিশ্চিত করা হচ্ছে।
উল্লেখ্য, বিশ্বের শীর্ষস্থানীয় উন্নয়ন সংস্থা ব্র্যাক দেশের অভিবাসনপ্রবণ জেলাগুলোতে নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ, টেকসই পুনরেকত্রীকরণ এবং বিদেশফেরতদের অধিকার রক্ষায় নিরলস কাজ করে যাচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় ‘প্রত্যাশা-২’ প্রকল্প বর্তমানে বিদেশ-ফেরতদের টেকসই পুনরেকত্রীকরণে বিশেষ ভূমিকা রাখছে।


