খুলনার খালিশপুরে তাঁতিদল নেতা সোনা মিয়া হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মো: রনি ওরফে ন্যাটা রনিকে বাগেরহাট থেকে গ্রেফতার করেছে র্যাব। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৭ টায় বাগেরহাট জেলার সদর থানাধীন বাসস্ট্যান্ড ট্রাফিক মোড় সংলগ্ন একটি বাস কাউন্টারের সামনে থেকে গ্রেফতার করা হয়।
আজ মঙ্গলবার সকালে র্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, গতকাল সোমবার গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ৬ জানতে পারে এ মামলার সন্দেহভাজন আসামি ন্যাটা রনি বাগেরহাটে অবস্থান করছে।
এমন সংবাদের ভিত্তিতে র্যাব সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে বাগেরহাট সদর থানাধীন বাসস্টান্ড ট্রাফিক মোড় সংলগ্ন মিঠুর বিআরটিসি বাস কাউন্টারের সামনে থেকে তাকে গ্রেফতার করে।
গ্রেফতার হওয়া রনির পিসি-পিআর পর্যালোচনা করে দেখা যায় তার বিরুদ্ধে হত্যাসহ ৬ মামলা বিচারাধীন রয়েছে। তাছাড়া খালিশপুর থানা এলাকায় তার বিরুদ্ধে মাদক ব্যবসা পরিচালনার অভিযোগ রয়েছে। পরে তাকে খালিশপুর থানায় হস্তান্তর করা হয়।


