দুই মাসের বেশি সময় বন্ধ থাকার পর অবশেষে আবার কুয়েতের আকাশসীমা খুলে দেওয়া হয়েছে। আঞ্চলিক উত্তেজনা ও সংঘাতের কারণে সাময়িকভাবে স্থগিত থাকা ফ্লাইট চলাচলও ধীরে ধীরে পুনরায় শুরু করার ঘোষণা দিয়েছে দেশটি। এতে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর পর্যায়ক্রমে স্বাভাবিক কার্যক্রমে ফিরছে।
সংবাদমাধ্যম গালফ নিউজের বরাতে জানা যায়, বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যা থেকে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের আকাশসীমা পুনরায় চালু করা হয়। রাষ্ট্রীয় বার্তাসংস্থা কুনা জানিয়েছে, ধাপে ধাপে ফ্লাইট চলাচল স্বাভাবিক করা হবে।
গত ২৮ ফেব্রুয়ারি আঞ্চলিক নিরাপত্তাজনিত কারণে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে কুয়েতের আকাশসীমায় সব ধরনের ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী রোববার থেকে নির্দিষ্ট কিছু গন্তব্যে ৪ ও ৫ নম্বর টার্মিনাল দিয়ে সীমিত পরিসরে ফ্লাইট চলাচল শুরু হবে।
কুয়েতের জেনারেল সিভিল এভিয়েশন অথরিটির চেয়ারম্যান শেখ হামুদ মুবারক আল সাবাহ বলেন, দেশীয় ও আন্তর্জাতিক সংস্থার সমন্বয়ে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি জানান, ধাপে ধাপে কার্যক্রম বিস্তারের মাধ্যমে পুরো বিমান চলাচল ব্যবস্থা স্বাভাবিক করা হবে।
কর্তৃপক্ষ আরও জানিয়েছে, আঞ্চলিক সংঘাতের কারণে যে ক্ষয়ক্ষতি হয়েছিল তার মূল্যায়ন শেষ হয়েছে। বর্তমানে বিমানবন্দরের কার্যক্রম পুনরুদ্ধারে প্রয়োজনীয় মেরামত ও রক্ষণাবেক্ষণের কাজ চলছে।
শেখ হামুদ মুবারক আল সাবাহ সংকটকালীন সময়ে সংশ্লিষ্ট সংস্থা ও কর্মীদের ভূমিকার প্রশংসা করেন এবং সৌদি আরবের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান। কুয়েতের আকাশসীমা বন্ধ থাকায় সৌদি আরব তাদের বিমানবন্দর ব্যবহার করে ফ্লাইট পরিচালনায় সহায়তা করে।
কর্তৃপক্ষ বলছে, প্রথম ধাপে নির্দিষ্ট রুটে সীমিত ফ্লাইট চালু করা হবে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করে ধাপে ধাপে কার্যক্রম সম্প্রসারণ করা হবে।
পড়ুন: রানা প্লাজা ট্র্যাজেডির ১৩ বছর আজ, ঝুলে আছে হত্যা মামলার বিচার
আর/


