দেশের কয়েকটি জেলায় দমকা হাওয়া ও ঝড়ো আবহাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। একই সঙ্গে বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির আশঙ্কাও রয়েছে। সোমবার (৪ মে) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া সতর্কবার্তায় এ তথ্য উল্লেখ করা হয়েছে।
সতর্কবার্তায় বলা হয়, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, বরিশাল, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট জেলার ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
এদিকে আবহাওয়া অফিসের আরেক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী কয়েক দিনে দেশের সব বিভাগেই অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি মাত্রার ভারি বর্ষণও হতে পারে।


