বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে ২০২৫-২০২৬ অর্থ বছরের বিভিন্ন উন্নয়ন ও সচেতনতামূলক কার্যক্রম নিয়ে মেহেরপুরে এক নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা তথ্য অফিস, মেহেরপুরের আয়োজনে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। “নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে” শীর্ষক এ আয়োজনে নারী সমাজকে সচেতন ও সক্রিয় অংশগ্রহণে উদ্বুদ্ধ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভিডিও কলে যুক্ত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আব্দুল জলিল। তিনি তার বক্তব্যে বলেন, সরকারের গৃহীত বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে নারীদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ কর্মসূচিসহ সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমগুলো সম্পর্কে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।
তিনি আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধ, মানব পাচার, মাদক, গুজব ও অপপ্রচার, অপরাজনীতি এবং সাম্প্রদায়িকতা রোধে নারীদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। পাশাপাশি ইভটিজিং, বাল্যবিবাহ প্রতিরোধ, নৈতিকতা ও মূল্যবোধ চর্চা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের সঠিক ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুরের নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদ। তিনি নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে সচেতনতার প্রয়োজনীয়তা তুলে ধরেন। এছাড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ ড. মোঃ শামিম হোসেন নারীদের দক্ষতা উন্নয়ন ও আত্মনির্ভরশীলতা অর্জনের ওপর গুরুত্ব দেন।
জেলা তথ্য কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অটিজম, তথ্য অধিকার, পরিবেশ সংরক্ষণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে নারীদের অংশগ্রহণ এবং সচেতনতা অপরিহার্য।
সমাবেশে বিভিন্ন শ্রেণি-পেশার নারী অংশগ্রহণ করেন এবং তারা সরকারের উন্নয়নমূলক কার্যক্রম সম্পর্কে জানতে পেরে সন্তোষ প্রকাশ করেন।
পড়ুন:নববর্ষে মেট্রোরেল চলাচল নিয়ে নতুন সিদ্ধান্ত
দেখুন:৫৫ বছর আগে বাংলাদেশে আসা বীর বাহাদুর অবশেষে ফিরে গেলেন
ইমি/


