নাটোরের সদর উপজেলার সীমান্তবর্তী এলাকায় তেল দিতে দেরি হওয়াকে কেন্দ্র করে একটি ফিলিং স্টেশনে ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনার পর নিরাপত্তার কারণে স্টেশনটিতে তেল বিক্রি বন্ধ রাখা হয়েছে। আহম্মদপুর এলাকায় অবস্থিত কানন ফিলিং স্টেশনে বৃহস্পতিবার রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
ফিলিং স্টেশন কর্তৃপক্ষ জানায়, সন্ধ্যায় প্রায় ৯ হাজার লিটার ডিজেল পাওয়ার পর তা ক্রেতাদের মধ্যে বিতরণ শুরু হয়। রাত দেড়টার দিকে কর্মচারীরা খাবার খেতে গেলে স্থানীয় ট্রাকচালক আবদুল ওহাব তাৎক্ষণিকভাবে তেল দেওয়ার দাবি জানান। তাকে কিছুক্ষণ অপেক্ষা করতে বললে তিনি ক্ষিপ্ত হয়ে ক্যাশ রুম ও ব্যবস্থাপকের কক্ষে ভাঙচুর চালান। এতে দুটি কক্ষের মালামাল তছনছ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যান।
স্টেশনের ম্যানেজার ফজের আলী বলেন, তেল পেতে সামান্য দেরি হওয়ায় চালক ভাঙচুরের পাশাপাশি তাকে লাঞ্ছিত করেন। তিনি ঘটনার বিচার দাবি করেন।
ফিলিং স্টেশনের মালিক ধীরেন সাহা জানান, ঘটনার পর পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। হামলাকারীর শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত তেল বিক্রি বন্ধ থাকবে।
এ বিষয়ে নাটোর সদর থানার অফিসার ইনচার্জ মোঃ মনসুর রহমান জানান, ফিলিং স্টেশন কর্তৃপক্ষ এখনও কোন অভিযোগ দেননি। পুলিশ অভিযুক্ত ব্যক্তি গ্রেপ্তারের জোড় তৎপরতা চালিয়ে যাচ্ছে।
পড়ুন- ফের যুদ্ধের হুঁশিয়ারি, হরমুজে যুক্তরাষ্ট্রের ১২ যুদ্ধজাহাজ, ১০০ বিমান


