নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ছিনতাইকারীদের হামলায় দুই পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। এসময় হামলাকারীরা পুলিশের একটি শর্টগান ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
শুক্রবার (১ মে ২০২৬) রাত আড়াইটায় বন্দর থানাধীন চৌধুরী বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, মদনগঞ্জ ফাঁড়ির এএসআই সোহেল, কনস্টেবল ফয়সাল (১৭১২) ও কনস্টেবল মিজানুর (৮৬৮) রাত্রীকালীন টহল ডিউটি পালন করছিলেন। এসময় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ প্রাপ্ত একটি কলের মাধ্যমে তারা জানতে পারেন, ওই এলাকায় ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভিকটিম সিফাত, সুফিয়ান ও তানভীরের সঙ্গে কথা বলে পাশের একটি সন্দেহজনক বাড়িতে অভিযান চালায়। এসময় পুলিশ ঘরের ভেতরে প্রবেশ করলে ছিনতাইকারীরা দেশীয় অস্ত্র দা ও রামদা দিয়ে এএসআই সোহেল ও কনস্টেবল ফয়সালের ওপর এলোপাতাড়ি হামলা চালায়।
হামলায় এএসআই সোহেল পায়ে এবং কনস্টেবল ফয়সাল পেটে গুরুতর জখম হন। একপর্যায়ে দুর্বৃত্তরা পুলিশের কাছে থাকা একটি শর্টগান ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
আহতদের উদ্ধার করে প্রথমে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে কনস্টেবল ফয়সালকে উন্নত চিকিৎসার জন্য রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে। এএসআই সোহেলকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
বন্দর থানা অফিসার ইনচার্জ জানায়,ছিনতাই হওয়া অস্ত্র রাতেই উদ্ধার করতে সক্ষম হই। ছিনতাইকারীদের গ্রেফতার অভিযান চালাচ্ছে পুলিশ।
পড়ুন:জিয়াউর রহমানের ত্রিপক্ষীয় শ্রমনীতি শ্রম কল্যাণের ভিত্তি মজবুত করেছে: রাষ্ট্রপতি
দেখুন:‘ঋণ খেলাপি’ নিয়ে সংসদে যা বললেন অর্থমন্ত্রী
ইমি/


