চট্টগ্রামের পটিয়ায় খাল থেকে উদ্ধার হওয়া এক নারীর লাশের পরিচয় মিলেছে। নিহত নারী হাসিনা আক্তার (৩২) একজন প্রবাসীর স্ত্রী বলে নিশ্চিত করেছে পুলিশ ও স্বজনরা।
মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেল ৬টার দিকে উপজেলার জিরি ইউনিয়নের কৈয়গ্রাম ৩ নম্বর ওয়ার্ড এলাকার শিকলবাহা খাল থেকে লাশটি উদ্ধার করা হয়। এর আগে বিকেল সাড়ে ৪টার দিকে স্থানীয়রা খালে একটি লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নারী পুলিশ সদস্য ও স্থানীয়দের সহায়তায় লাশটি উদ্ধার করে।
পুলিশ জানায়, লাশের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অন্য কোনো স্থান থেকে লাশটি ভেসে এসে ওই খালে পৌঁছেছে।
নিহত হাসিনা আক্তার কক্সবাজারের উখিয়া উপজেলার রত্নাপালং এলাকার মফিজুর রহমানের মেয়ে। তিনি দুই সন্তানের জননী। তার স্বামী মোহাম্মদ হাসান ওমানে প্রবাসে রয়েছেন। তাদের দুই ছেলে চকরিয়ার একটি মাদ্রাসায় পড়াশোনা করে।
নিহতের চাচাত ভাই মোহাম্মদ রফিক জানান, গত ৬ এপ্রিল চিকিৎসার জন্য চট্টগ্রাম শহরে গিয়ে হাসিনা আক্তার নিখোঁজ হন। এরপর পরিবারের পক্ষ থেকে অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান পাওয়া যায়নি। পরে পটিয়ায় উদ্ধার হওয়া লাশ দেখে স্বজনরা তাকে শনাক্ত করেন।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় লাশটি উদ্ধার করে। লাশের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশটি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


