এতদিন স্বামী রাজ চক্রবর্তীকে রাজনীতির আঙিনায় লড়াই করতে দেখলেও নিজেকে সচেতনভাবেই মাঠের রাজনীতি থেকে দূরে রেখেছিলেন টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। তবে নির্বাচনী হাওয়া বইতেই এবার স্বামীর হয়ে বিধানসভা নির্বাচনের প্রচার ময়দানে দেখা দিলেন তিনি। তপ্ত রোদ উপেক্ষা করেই ব্যারাকপুরের অলিগলিতে রাজের জন্য ভোট প্রার্থনা করেন জনপ্রিয় এই অভিনেত্রী।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে ব্যারাকপুর আসন থেকে প্রথমবারের মতো বিধায়ক নির্বাচিত হয়েছিলেন রাজ চক্রবর্তী। একই কেন্দ্র থেকে এবারও তৃণমূল কংগ্রেসের হয়ে ভোটে লড়ছেন তিনি।
সোমবার ছিল নির্বাচনের দ্বিতীয় দফার প্রচারের শেষ দিন। আর এই শেষ মুহূর্তের প্রচারণায় গতির সঞ্চার করতে রাজের সঙ্গে রোড শোতে অংশ নেন শুভশ্রী। ব্যারাকপুরের লালকুঠি এলাকা থেকে শুরু হয়ে মাধব নিবাস পর্যন্ত দীর্ঘ এই রোড শোতে সাধারণ মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।
স্বামীর হয়ে নির্বাচনী প্রচারে নামার পর থেকেই শোবিজ পাড়ায় গুঞ্জন উঠেছে, তবে কি শুভশ্রীও রাজনীতিতে যোগ দিচ্ছেন? যদিও এ বিষয়ে তিনি এখনও সরাসরি কোনো মন্তব্য করেননি। তবে এর আগে একাধিক সাক্ষাৎকারে শুভশ্রী জানিয়েছিলেন, তিনি সরাসরি রাজনীতিতে জড়াতে আগ্রহী নন। অভিনয়কে তিনি ভালোবাসেন এবং এটি নিয়েই থাকতে চান। তবে স্বামীর সমর্থনে তার এই সক্রিয় অংশগ্রহণ ভক্তদের মনে নতুন করে ভাবনার খোরাক দিচ্ছে।
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ ইতোমধ্যে শেষ হয়েছে। আগামী ২৯ এপ্রিল দ্বিতীয় দফার ভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই দফায় কলকাতা ও রাজ্যের সাতটি জেলার মোট ১৪২টি আসনে ভোটগ্রহণ হবে। শেষ সময়ের প্রচারে রাজনৈতিক দলগুলো এখন চূড়ান্ত ব্যস্ততা পার করছে। ব্যারাকপুরের মতো গুরুত্বপূর্ণ আসনে রাজ চক্রবর্তীর জয়ের ব্যাপারে আশাবাদী তার সমর্থকরা।
ব্যক্তিগত জীবনে ২০১৮ সালের মে মাসে বিবাহবন্ধনে আবদ্ধ হন রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলি। ২০২০ সালে তাদের প্রথম সন্তান ইউভানের জন্ম হয় এবং ২০২৩ সালে এই দম্পতির কোল আলো করে আসে কন্যা ইলিয়ানা। বর্তমানে অভিনয় ও সংসার সামলানোর পাশাপাশি স্বামীর রাজনৈতিক ক্যারিয়ারেও ছায়া হয়ে পাশে দাঁড়িয়েছেন শুভশ্রী। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শুভশ্রীর মতো তারকার প্রচারের ময়দানে উপস্থিতি রাজ চক্রবর্তীর জনসমর্থন বাড়াতে সহায়ক হতে পারে।
পড়ুন:মারা গেলেন ‘হ্যাপি ডেইজ’ খ্যাত অভিনেত্রী এরিন মোরান


