মোংলা নদীর ওপর নির্মাণ করা হবে দেশের দশম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু। দ্রুততম সময়ে সেতুটির নির্মাণকাজ শুরুর লক্ষ্যে প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।
রোববার বিকেলে মোংলা বাসস্ট্যান্ডে পৌর বিএনপি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, মোংলায় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের (এসইজেড) প্রথম ফেজের কাজ আগামী অক্টোবর মাসে শুরু হবে। এ পর্যায়ে প্রায় ২৫ হাজার মানুষের কর্মসংস্থান হবে। পরবর্তী সময়ে দ্বিতীয় ফেজের কাজ শুরু হলে আরও প্রায় ৬০ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।
মোংলা বন্দরসহ এ অঞ্চলের অবকাঠামো ও অর্থনৈতিক উন্নয়নের নানা পরিকল্পনার কথা তুলে ধরে শেখ রবিউল আলম বলেন, মোংলার উন্নয়ন সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে। অচিরেই এ অঞ্চলে দৃশ্যমান উন্নয়ন চোখে পড়বে। স্থানীয় মানুষের জীবনমান উন্নয়নের পাশাপাশি কর্মসংস্থান ও ব্যবসা-বাণিজ্যের প্রসারে এসব প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোংলা পৌর বিএনপির সভাপতি মো. জুলফিকার আলী। এতে বিএনপির জেলা ও স্থানীয় পর্যায়ের নেতারা বক্তব্য দেন।
নেতারা মন্ত্রীকে মোংলার উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। জবাবে মন্ত্রী মোংলা বন্দর, যোগাযোগব্যবস্থা ও স্থানীয় অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।
পড়ুন : দিনাজপুরে ট্রাক মোটরসাইকেল সংঘর্ষে ২ জন নিহত


