আদিত্য ধরের অ্যাকশন থ্রিলার ছবি ‘ধুরন্ধর’ বক্স অফিসে দাপটের সঙ্গে এগিয়ে চলেছে।
মুক্তির মাত্র সাত দিনের মধ্যেই ছবিটি ভারতে ২০০ কোটি টাকা এবং বিশ্বব্যাপী ৩০০ কোটি টাকার মাইলফলক পার করে ফেলেছে।
রণবীর সিং অভিনীত এই ছবির প্রচারণা সে রকম জোরদার করেননি নির্মাতারা। তবে ‘ধুরন্ধর’ মুক্তির পর থেকেই মানুষের মুখে মুখে প্রচারণার জোরে দর্শক টানছে। আর তাতেই এই ছবির আয় দিন দিন বাড়ছে। শুধু আয়ই নয়, নতুন নতুন রেকর্ড গড়ছে ‘ধুরন্ধর’।
প্রায় ২৮০ কোটি রুপির বাজেটে নির্মিত ‘ধুরন্ধর’ ইতিমধ্যেই নির্মাণ ব্যয় তুলে ফেলেছে। এখন নিশ্চিত মুনাফার পথে হাঁটছে আদিত্যর এই ছবি। ট্রেড অ্যানালিস্টদের ধারণার তুলনায় ছবির সংগ্রহ অনেক বেশি।
ট্রেড পোর্টাল স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, মুক্তির সপ্তম দিনে ‘ধুরন্ধর’ আয় করেছে ২৭ কোটি রুপি। এর ফলে ভারতে ছবিটির মোট আয় দাঁড়িয়েছে ২০৭ কোটি ২৫ লাখ রুপিতে। তিন দিন ধরে ছবির আয়ের অঙ্ক একই ছিল। পরপর তিন দিন ‘ধুরন্ধর’ ২৭ কোটি রুপি করে ব্যবসা করেছে। প্রথম সোমবারে যদিও আয় ৪৫ শতাংশের বেশি কমে গিয়েছিল, কিন্তু পরদিনই আবার তা বেড়ে ১৬ শতাংশের বেশি লাফ দেয়। কর্মদিবস হওয়ায় সারা দিনে দর্শক কম থাকলেও রাতের শোগুলোতে দারুণ ভিড় দেখা যাচ্ছে। সকালের শোগুলোতে ১৮ শতাংশের বেশি দর্শক আসন পূর্ণ। রাতের শোগুলোতে তা বেড়ে প্রায় ৬০ শতাংশে পৌঁছে গেছে।
বিদেশি বাজার থেকেও সমান সাড়া পাচ্ছে ‘ধুরন্ধর’। প্রথম সপ্তাহে ছবিটি বিদেশে আয় করেছে প্রায় ৫৭ কোটি ৫ লাখ রুপি। সব মিলিয়ে বিশ্বব্যাপী মোট আয় দাঁড়িয়েছে ৩০৬ কোটি ২৫ লাখ রুপি।
বিশ্বব্যাপী সংগ্রহের দিক থেকে ছবিটি ইতিমধ্যেই ‘সিতারে জমিন পর’, ‘থামা’, ‘সিকন্দর’ এবং ‘হাউসফুল ৫’-এর মতো ছবিকে পেছনে ফেলেছে।
পড়ুন- আতিফ আসলামের কনসার্ট বাতিল
দেখুন-কী আছে এই কালাই রুটিতে!


