চট্টগ্রামের পটিয়া উপজেলার আশিয়া ইউনিয়নে পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধকে কেন্দ্র করে ভাঙচুর ও দখলচেষ্টার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং যেকোনো সময় সংঘর্ষের আশঙ্কা করছেন স্থানীয়রা।
এ ঘটনায় উপজেলার আশিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দক্ষিণ আশিয়া এলাকার বাসিন্দা মো. জয়নাল আবেদীন রোববার (১৯ এপ্রিল) পটিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগে তিনি উল্লেখ করেন, তার পৈত্রিক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে প্রতিবেশীদের সঙ্গে বিরোধ চলে আসছে। এ সংক্রান্ত একটি মামলা বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে।
জয়নাল আবেদীনের অভিযোগ, রোববার সকাল সাড়ে ১০টার দিকে বিবাদীরা সংঘবদ্ধ হয়ে লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে তার জমিতে জোরপূর্বক প্রবেশ করে। তারা সীমানা প্রাচীর ভেঙে প্রায় এক লাখ টাকার ক্ষতিসাধন করে এবং জবরদখলের উদ্দেশ্যে নির্মাণকাজ শুরু করে। বাধা দিলে তাকে ও পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, বিষয়টি আদালতে বিচারাধীন থাকা সত্ত্বেও প্রতিপক্ষ জোরপূর্বক জমি দখলের চেষ্টা চালাচ্ছে। এতে এলাকায় বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা দেখা দিয়েছে।
এ বিষয়ে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জমি সংক্রান্ত এ বিরোধ দীর্ঘদিনের। এর জেরে এলাকায় মাঝেমধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
পড়ুন : নরসিংদীতে কলেজে ঢুকে অধ্যক্ষের ওপর সন্ত্রাসীদের হামলা


