চট্টগ্রামের পটিয়ায় প্রবাসীর বাড়িতে রাতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ প্রায় ২০ লাখ টাকার বেশি মালামাল লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (১৪ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কেলিশহর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে প্রবাসী আবছার উদ্দীনের বাড়িতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পটিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এতে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
স্থানীয় ও ভুক্তভোগী পরিবার জানায়, প্রবাসী আবছার উদ্দীনের বাড়িতে তার ভাই জসিম উদ্দীন পরিবারসহ বসবাস করেন। সোমবার বিকেলে তারা ফটিকছড়ির মাইজভান্ডার দরবার শরীফে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন। এ সময় বাড়িতে কেউ ছিলেন না।
মঙ্গলবার রাতে জসিম উদ্দীনের ছেলে নাঈমুর রহমান দুর্জয় বাড়িতে ফিরে দেখেন, ঘরের দরজা খোলা এবং আলমিরা ও লকার ভাঙা। পরে জানালার গ্রিল কাটা অবস্থায় দেখতে পেয়ে তিনি বিষয়টি পরিবারের সদস্যদের জানান এবং পুলিশে খবর দেন।
খবর পেয়ে পটিয়া থানার এসআই শ্রীভাস দে’র নেতৃত্বে একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে।
ভুক্তভোগী পরিবারের দাবি, দুর্বৃত্তরা গ্রিল কেটে ঘরে প্রবেশ করে ৭ ভরি স্বর্ণ, নগদ ৪ লাখ টাকা, একটি ল্যাপটপ এবং সিসিটিভি ক্যামেরার ডিস্ক ও মেমোরি কার্ডসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। বাড়িতে থাকা ৭টি সিসিটিভি ক্যামেরার ডিস্ক নিয়ে যাওয়ায় কোনো ফুটেজ পাওয়া যায়নি।
ঘটনাস্থল পরিদর্শনকারী এসআই শ্রীভাস দে জানান, সন্ধ্যার পর যেকোনো সময় এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
পড়ুন- শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলায় আসামি হবেন সাবেক আইজিপি: চিফ প্রসিকিউট
দেখুন- বাবাকে নিয়ে কুয়াকাটা সফরের স্মৃতিচারণ করলেন প্রধানমন্ত্রী


