বলিউড অভিনেত্রী ও মডেল ইভিলিন শর্মা তার পাঁচ বছরের দাম্পত্য জীবনের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন। স্বামী তুষাণ ভিন্ডির সঙ্গে বিচ্ছেদের কথা নিশ্চিত করেছেন তিনি। প্রতিবেদন এনডিটিভির।
এক বিবৃতিতে এভেলিন বলেন, ‘আমরা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি, তবে আমাদের সন্তানদের একসঙ্গে বড় করে তোলার ব্যাপারে আমরা সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা ব্যক্তিগত গোপনীয়তা চাই এবং বলতে চাই, এটি যতটা সম্ভব সৌহার্দ্যপূর্ণভাবেই হচ্ছে। আমরা আজীবন বন্ধুত্ব ও কো-প্যারেন্টিংয়ের ভিত্তিতে জীবনের নতুন অধ্যায় শুরু করছি।’
২০২১ সালে ঘরোয়া আয়োজনে বিয়ে করেন এভেলিন ও তুশান। বিয়ের এক মাস পর সামাজিক মাধ্যমে ছবি শেয়ার করে ‘ফরেভার’ লিখে সুখবরটি জানান তিনি। করোনা মহামারির কারণে জাঁকজমকপূর্ণ ভারতীয় বিয়ের পরিকল্পনা বাদ দিয়ে অস্ট্রেলিয়ার ব্রিসবেনের গ্রামীণ পরিবেশে ছোট পরিসরে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা।
বিয়ের পর একই বছর নভেম্বরে তাদের ঘরে আসে কন্যাসন্তান অ্যাভা রানিয়া ভিন্দি। এরপর ২০২৩ সালের জুলাইয়ে জন্ম নেয় তাদের পুত্র আরডেন। এর আগে ২০১৯ সালে সিডনিতে তুশানের সঙ্গে বাগদানের ঘোষণা দেন এভেলিন। সেই পোস্টে ‘ইয়েস’ লিখে সুখবরটি শেয়ার করেছিলেন তিনি।
২০১২ সালে ‘ফ্রম সিডনি উইথ লাভ’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় এভেলিন শর্মার। এরপর তিনি নটাঙ্কি শালা, ইসাক, মে তেরা হিরো এবং ইয়ারিয়ান-এর মতো সিনেমায় অভিনয় করেন। এছাড়া ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি, জাব হ্যারি মেট সেজাল ও কুচ কুচ লোচা হ্যায় সিনেমায় সংক্ষিপ্ত উপস্থিতি ছিল তার। সর্বশেষ তাকে দেখা গেছে ‘সাহু’ সিনেমায়।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

