অনিয়ম ও আর্থিক সংকটে থাকা পাঁচটি ইসলামী ব্যাংক একীভূত করে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির প্রশাসকদের নিয়ে আজ বুধবার (৬ মে) বৈঠক ডেকেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান। দুপুর ২টায় বাংলাদেশ ব্যাংকে এই সভা শুরু হবে।
কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, একীভূত ব্যাংকগুলোর বর্তমান আর্থিক অবস্থা, কার্যক্রম পরিচালনায় বিদ্যমান সমস্যা এবং বাংলাদেশ ব্যাংকের দিকনির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি নিয়ে সভায় বিস্তারিত আলোচনা হবে।
এই একীভূত কাঠামোর আওতায় রয়েছে এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক এবং সোশ্যাল ইসলামী ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র ও পরিচালক মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী জানান, রেজল্যুশন প্রক্রিয়ার অংশ হিসেবে নিয়মিত ভিত্তিতে প্রশাসকদের সঙ্গে বৈঠক করা হয়। আজকের সভাও সেই ধারাবাহিক রুটিন আলোচনার অংশ।
এর আগে গত নভেম্বর মাসে পাঁচ ব্যাংকের শেয়ার শূন্য ঘোষণা করে একীভূতকরণের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে গত ২১ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি গঠন করা হয়।
তবে একীভূত হলেও এখনো ব্যাংকগুলো পৃথকভাবে কার্যক্রম পরিচালনা করছে। কোর ব্যাংকিং সফটওয়্যার একীভূত না হওয়া পর্যন্ত এ ব্যবস্থাই চালু রাখার সিদ্ধান্ত দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
নতুন ব্যাংকটির অনুমোদিত মূলধন ৪০ হাজার কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৩৫ হাজার কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে সরকার ২০ হাজার কোটি টাকা প্রদান করেছে এবং বাকি ১৫ হাজার কোটি টাকা আমানত বিমা তহবিল থেকে আসবে।
এদিকে ব্যাংক রেজল্যুশন আইন কার্যকর হওয়ার পর সোশ্যাল ইসলামী ব্যাংকের সাবেক উদ্যোক্তা পরিচালকরা পুনরায় শেয়ার কেনার আবেদন করেছেন বলে জানা গেছে। নতুন আইনের ১৮(ক) ধারায় নির্দিষ্ট শর্তসাপেক্ষে সাবেক শেয়ারধারকদের পুনরায় শেয়ার কেনার সুযোগ রাখা হয়েছে।
এই প্রেক্ষাপটে একীভূত ব্যাংকটির ভবিষ্যৎ কার্যক্রম ও পুনর্গঠন প্রক্রিয়া নিয়ে আজকের বৈঠককে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
পড়ুন:দেশের বাজারে কম দামে বিক্রি হচ্ছে স্বর্ণ
দেখুন:লিথিয়াম ছাড়া আমরা অচল কেন
ইমি/


