হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে একটি তেলের ট্যাংকারে আগুন ধরে গেছে। শনাক্তকরণ ও নেভিগেশন ব্যবস্থা বন্ধ করে প্রণালির নিষিদ্ধ এলাকায় প্রবেশ করার পর মাইনের আঘাতে সেটিতে আগুন ধরে চলাচলের অযোগ্য হয়ে পড়ে। একই সময়ে হরমুজ প্রণালির আকাশে একটি ‘শত্রুর গোয়েন্দা ড্রোন’ ভূপাতিত করারও দাবি করেছে তেহরান।
বার্তাসংস্থা আনাদোলু বলছে, হরমুজ প্রণালিতে নৌমাইন বা সমুদ্রের নিচে পেতে রাখা বিস্ফোরকের আঘাতে একটি তেলের ট্যাংকারে আগুন ধরে গেছে বলে জানিয়েছে ইরানের সেনাবাহিনী। রোববার (২৯ নভেম্বর) ভোরে দেয়া এক বিবৃতিতে ইরানের সেনাবাহিনী জানায়, নিষেধাজ্ঞা অমান্য করে হরমুজ প্রণালিতে প্রবেশের পর মাইনের আঘাতে ট্যাংকারটিতে আগুন লাগে।
সেনাবাহিনীর নৌবাহিনী জানিয়েছে, তিনটি তেলের ট্যাংকার নিজেদের শনাক্তকরণ ও নেভিগেশন ব্যবস্থা বন্ধ করে প্রণালির পূর্ব পাশে একটি নিষিদ্ধ এলাকায় প্রবেশ করে। এরপর একটি ট্যাংকারে আগুন ধরে যায় এবং সেটি চলাচলের অযোগ্য হয়ে পড়ে। এ পরিস্থিতিতে অন্য দুটি ট্যাংকারও পারস্য উপসাগরের দিকে ফিরে যেতে বাধ্য হতে হয়।
ইরানের নৌবাহিনী আবারও জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ‘ইরানের দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত’ হরমুজ প্রণালি বন্ধ থাকবে। তবে বিবৃতিতে ট্যাংকারগুলোর নাম উল্লেখ করা হয়নি। এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, সে বিষয়েও কোনো তথ্য দেয়া হয়নি।
এদিকে হরমুজ প্রণালির আকাশে একটি ‘শত্রু গোয়েন্দা ড্রোন’ ভূপাতিত করার দাবি করেছে ইরানের সেনাবাহিনী।
শনিবার (২৮ নভেম্বর) দেয়া এক বিবৃতিতে সেনাবাহিনী জানায়, পারস্য উপসাগরের জলসীমার ওপর ড্রোনটির উপস্থিতি শনাক্ত করা হয়। এরপর ইরানের সমন্বিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার আওতায় দেশীয় প্রযুক্তিতে তৈরি প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে সেটি ভূপাতিত করা হয়।
রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিতে প্রচারিত বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে। তবে ড্রোনটি কোন দেশ বা সংস্থার ছিল, তা উল্লেখ করেনি ইরানের সেনাবাহিনী। কখন সেটি ভূপাতিত করা হয়েছে, সে বিষয়েও কিছু জানানো হয়নি।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুদ্ধ শুরু করার পর থেকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। এর জবাবে ওই অঞ্চলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় তেহরান। একই সঙ্গে কার্যত বন্ধ করে দেয় বৈশ্বিক জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালি।
চূড়ান্ত শান্তিচুক্তির পথ তৈরি করতে গত জুনে একটি সমঝোতা স্মারক সই হয়েছিল। তবে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলসহ বিভিন্ন বিষয়ে মতবিরোধের কারণে শেষ পর্যন্ত সেই সমঝোতা ব্যর্থ হয়।
পড়ুন : হুথিদের লক্ষ্য করে ৭২১টি আঘাত হেনেছে ইয়েমেনি সেনাবাহিনী


