ইসলামাবাদ ইউনাইটেডকে হারিয়ে সবার আগে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনালে জায়গা করে নিয়েছে পেশোয়ার জালমি। তবে শুরুতে অনাপত্তিপত্র (এনওসি) না পেলেও শেষ পর্যন্ত নাহিদ রানাকে ছাড়পত্র দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ফলে পেশোয়ার জালমির হয়ে পিএসএল ফাইনালে অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন নাহিদ রানা।
গত আসরে পেশোয়ার জালমির দলে থাকলেও একাদশে সুযোগ পাননি নাহিদ রানা। তবুও তার ওপর আস্থা রেখে এবারের নিলামে ৬০ লাখ রুপিতে তাকে দলে ভেড়ায় ফ্র্যাঞ্চাইজিটি। চলতি মৌসুমেই পিএসএলে অভিষেক হয় বাংলাদেশের এই পেসারের। প্রথম ম্যাচে নিজেকে পুরোপুরি মেলে ধরতে না পারলেও পরবর্তী ম্যাচগুলোতে গতির ঝড়ে প্রতিপক্ষের ব্যাটারদের ভোগান্তিতে ফেলেছেন তিনি।
এ পর্যন্ত পেশোয়ারের হয়ে ৫ ম্যাচে ৭টি উইকেট শিকার করেছেন নাহিদ, যেখানে তার ইকোনমি রেট মাত্র ৫.৪২। বিশেষ করে করাচি কিংসের বিপক্ষে মাত্র ৭ রান খরচায় ৩ উইকেট নেওয়ার পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। তবে এই ছন্দের মধ্যেই নিউজিল্যান্ড সিরিজ খেলতে দেশে ফিরতে হয় তাকে। কিউইদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ৮ উইকেট নিয়ে সিরিজসেরার পুরস্কারও জিতেছেন তিনি।
নিউজিল্যান্ড সিরিজ শেষে আবারও পিএসএলে যোগ দেবেন— এমনটাই ধারণা করা হচ্ছিল। কিন্তু পাকিস্তান সফর সামনে থাকায় শুরুতে তাকে অনাপত্তিপত্র দেয়নি বিসিবি। তবুও নাহিদকে পাওয়ার জন্য চেষ্টা চালিয়ে যায় পেশোয়ার জালমি। এরই মধ্যে কোয়ালিফায়ারে ইসলামাবাদ ইউনাইটেডকে ৭০ রানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে বাবর আজমের দল, যা অনুষ্ঠিত হবে আগামী ৩ মে।
পড়ুন : এশিয়ান গেমস হকি বাছাইয়ে সিঙ্গাপুরকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ


