মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করা একটি ‘বিপজ্জনক পেশা’। স্থানীয় সময় শনিবার (২৫ এপ্রিল) ওয়াশিংটনের একটি হোটেলে নৈশভোজের সময় গুলির ঘটনার পর আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। খবর সিএনএন-এর।
হোয়াইট হাউসের ব্রিফিং রুমে নিজের বিরুদ্ধে রাজনৈতিক সহিংসতার আশঙ্কা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, তিনি বিষয়টি নিয়ে কিছুটা উদ্বিগ্ন হলেও একে অতিরিক্ত গুরুত্ব দিতে চান না। তার মতে, প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করা সত্যিই একটি ‘বিপজ্জনক পেশা’।
হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারের পর অনুষ্ঠিত ওই সংবাদ ব্রিফিংয়ে ট্রাম্প রসিকতা করে বলেন, “প্রেসিডেন্সি যে এতটা বিপজ্জনক পদ হতে পারে, তা যদি আগে জানতাম, তবে হয়তো আমি নির্বাচনেই দাঁড়াতাম না।”
পরবর্তীতে তিনি আরও সিরিয়াস ভঙ্গিতে বলেন, “আমি এখানে একটি দায়িত্ব পালন করতে এসেছি। ঝুঁকি এই কাজেরই অংশ। আমার মনে হয় না এর চেয়ে বিপজ্জনক আর কোনো পেশা আছে। তবে আমি দেশকে ভালোবাসি এবং আমরা যে কাজগুলো করছি তা নিয়ে আমি গর্বিত।”
পড়ুন: ওয়াশিংটনে গুলির ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারীর পরিচয় শনাক্ত
আর/


