তালিকা করে ফুটপাতের ব্যবসায়ীদের সরকার লাইসেন্স দেবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম। সড়কের ফুটপাত যেন অনুপযোগী হয়ে না পড়ে, সেজন্য এ উদ্যোগ নেওয়া হচ্ছে।
বুধবার (১৫ এপ্রিল) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনের ফুটপাত দখলমুক্ত করে নান্দনিক পরিবেশ সৃষ্টির লক্ষ্যে পাইলট প্রকল্পের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
ডিএসসিসি প্রশাসক বলেন, যেকোনো ধরনের ব্যবসা করতে হলে অবশ্যই সিটি করপোরেশনের অনুমতি নিতে হবে। ফুটপাতে ব্যবসা করলেও তা আইনি প্রক্রিয়ার মধ্যেই করতে হবে।
তিনি আরও বলেন, ঢামেকের সামনের ফুটপাত দখলমুক্ত করতে সবার সহযোগিতা প্রয়োজন। অল্প জায়গায় যাতে অতিরিক্ত দোকান বসতে না পারে, সে জন্য গাইডলাইন দেওয়া হবে।
আবদুস সালাম বলেন, ঢাকা মহানগরীর নাগরিক সুবিধা তখনই নিশ্চিত করা সম্ভব হবে, যখন জনগণ ও সিটি করপোরেশন সমানভাবে দায়িত্ব পালন করবে।
তিনি আরও বলেন, প্রতিটি নাগরিককে রাজপথে কিছু না ফেলার শপথ নিতে হবে। তাহলেই রাজধানী ঢাকা পরিচ্ছন্ন রাখা সম্ভব হবে।
পড়ুন: ডিজেলবাহী দুই জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে
আর/


