চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার চাগাচর চরপাড়া এলাকায় মোবাইল গেইম ফ্রি ফায়ার খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৬ জন আহত হয়েছেন।
শুক্রবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় চন্দনাইশ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আবদুল আলম (৫৫) নামের এক ব্যক্তি।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৬ এপ্রিল রাতে বাদীর ছেলে আমিনুল হকের সঙ্গে প্রতিবেশী সোলাইমানের ছেলে আনিছের ফ্রি ফায়ার গেইম খেলা নিয়ে কথা কাটাকাটি ও ঝগড়া হয়। পরে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার জন্য সালিশ বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হলেও অভিযুক্তরা তাতে অংশ নেয়নি বলে অভিযোগ করা হয়েছে।
লিখিত অভিযোগে বলা হয়, পরদিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অভিযুক্তরা ১৫ থেকে ২০ জন লোকজন নিয়ে বাদীর বাড়ির সামনে এসে গালিগালাজ শুরু করে। এ সময় প্রতিবাদ করলে হামলা চালিয়ে কয়েকজনকে মারধর করা হয়।
এতে মোজাম্মেল হক, আনসার বেগম, সালাউদ্দিন, কামাল উদ্দিন, আব্দুল মোনাফসহ ৬ জন আহত হন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। আহতদের দোহাজারী ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা বসতঘরে ভাঙচুর চালায় এবং আলমারি থেকে ৪ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। পাশাপাশি প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে দাবি করা হয়েছে।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পড়ুন- সরকারের দুই মাসের নানা কার্যক্রম তুলে ধরলো প্রধানমন্ত্রীর কার্যালয়
দেখুন- গাড়ি ও তেল চাইলেন স্বাস্থ্য কর্মকর্তারা, যে জবাব প্রধানমন্ত্রীর


