বগুড়ার শেরপুর উপজেলার ছোনকা এলাকায় মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডিভাইডারে ধাক্কায় ঘটনাস্থলেই তিন আরোহী নিহত হয়েছে। এতে আরও আহত হয়েছেন অন্তত ৩ জন। আজ বুধবার (১৮ মার্চ) সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন শিউলী বেগম (৪৮), তায়েবা খাতুন (৩৫) ও মাইক্রোবাসচালক রিন্টু (৪৭)।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনার পর ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। গুরুতর আহত চারজনকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে আরও একজন মারা যান। পরে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়।
আহতরা হলেন শিশু ফাতেমা (১০), শহিদুল (৪০), তৌছিব (৩০), তাসমিয়া (২০), হেলেনা (৬০), তারিকুল (৩৬), ফাতেমা (২), আরহাম (৭) ও হামিম (৩০)।
শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. বখতিয়ার হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে, তাদের অবস্থা গুরুতর ছিল।
শেরপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মর্তুজা নূর বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা দেয়। এতে হতাহতের ঘটনা ঘটে।
পড়ুন: ঈদযাত্রায় ট্রেনে উপচেপড়া ভিড়, তিল ধারণের ঠাঁই নেই ছাদেও
আর/


