নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের সদস্য মনোয়ার হোসেন ও রোমানের ওপর বর্বরোচিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে পুরো এলাকা।
সোমবার (৪ মে) সকালে ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেন স্থানীয় এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার।
বক্তারা জানান, গত ১৮ এপ্রিল চাঁদা দাবিকে কেন্দ্র করে চিহ্নিত সন্ত্রাসী ‘মামুন গং’ অতর্কিত হামলা চালায় ইউপি সদস্য মনোয়ার হোসেন ও রোমানের ওপর। হামলায় ধারালো অস্ত্রের আঘাতে তারা গুরুতর আহত হন। বর্তমানে তারা আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় ২০ এপ্রিল বন্দর থানায় একটি মামলা দায়ের করা হলেও দীর্ঘ সময় অতিবাহিত হলেও এখনো কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, “আসামিদের ব্যবহৃত সচল মোবাইল নম্বর পুলিশকে দেওয়া হলেও রহস্যজনক কারণে তাদের গ্রেপ্তারে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না। প্রভাবশালী মহলের ছত্রছায়ায় থাকায় আসামিরা ধরাছোঁয়ার বাইরে রয়েছে বলে আমাদের আশঙ্কা। তারা প্রকাশ্যে ঘোরাফেরা করছে, আর ভুক্তভোগী পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে।”
এলাকাবাসী হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত সময়ের মধ্যে ‘মামুন গং’ ও তার সহযোগীদের গ্রেপ্তার করা না হলে বন্দর থানা, জেলা প্রশাসকের কার্যালয় এবং পুলিশ সুপারের কার্যালয় ঘেরাওসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন মুছাপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মঞ্জুর আলম মঞ্জু, সংরক্ষিত নারী সদস্য লাভলী আক্তার, মনোয়ার হোসেনের বড় ভাই ইকবাল, দেলোয়ার, শ্যামলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ভুক্তভোগী পরিবারের সদস্যরা
পড়ুন:কোটিপতি পিয়ন আল্লাউদ্দিন
দেখুন:হাইডেলবার্গ: বাস্তবের চেয়েও সুন্দর?
ইমি/


