চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত হিসাব অনুযায়ী বাংলাদেশ সরকারের বৈদেশিক ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৭৮ দশমিক ০৬৭ বিলিয়ন মার্কিন ডলার। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান অর্থমন্ত্রী আমির খসরু।
এ সময় ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা দেশের মোট বৈদেশিক ঋণের পরিমাণ, ঋণ পরিশোধের পদক্ষেপ এবং বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর কত ঋণ পরিশোধ করা হয়েছে—এ বিষয়ে প্রশ্ন উত্থাপন করেন।
প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত হিসাব অনুযায়ী সরকারের বৈদেশিক ঋণের স্থিতি ৭৮ দশমিক ০৬৭ বিলিয়ন মার্কিন ডলার। তিনি জানান, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) সরকারের পক্ষে বৈদেশিক ঋণ পরিশোধ কার্যক্রম পরিচালনা করে।
তিনি আরও বলেন, প্রতি অর্থবছরে ঋণের আসল ও সুদ বাবদ সম্ভাব্য ব্যয়ের একটি প্রক্ষেপণ তৈরি করে বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ রাখা হয়। ওই বরাদ্দ থেকেই নির্ধারিত সময়সূচি অনুযায়ী সারা বছর ঋণ পরিশোধ করা হয়।
অর্থমন্ত্রী জানান, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে এ পর্যন্ত মোট ৯০ দশমিক ৬৬ মিলিয়ন মার্কিন ডলার সমপরিমাণ বৈদেশিক ঋণ পরিশোধ করা হয়েছে।
পড়ুন: পরীক্ষা শান্তিপূর্ণ হয়েছে, প্রশ্নফাঁসের সুযোগ নেই: শিক্ষামন্ত্রী
আর/


