মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে কাতারে বসবাসরত প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ দূতাবাস। গতকাল ১ মে দূতাবাস প্রাঙ্গণে ‘Heat-related Illness, Their Management and Summer Health Awareness for Bangladeshi Workers’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়।
কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জনাব হযরত আলী খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারটি সঞ্চালনা করেন দূতাবাসের প্রথম সচিব (শ্রম) জনাব মোঃ শোয়াইব আহমাদ। অনুষ্ঠানে কাতারের বিভিন্ন খাতে কর্মরত বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ, সিআইপি, ব্যবসায়ী, রিক্রুটিং এজেন্ট, সাংবাদিক, শ্রম অধিকার সংগঠনের প্রতিনিধি, সাধারণ শ্রমিক এবং দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।
পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন দূতাবাসের কাউন্সেলর (শ্রম) জনাব মোহাম্মদ মাশহুদুল কবীর। তিনি মে দিবসের শুভেচ্ছা জানিয়ে বলেন, আসন্ন তীব্র গরমের মৌসুমে শ্রমিকদের স্বাস্থ্য ঝুঁকি মোকাবিলায় এ ধরনের সেমিনার অত্যন্ত প্রাসঙ্গিক। তিনি উল্লেখ করেন যে, কাতার সরকার জুনের ১ তারিখ থেকে সেপ্টেম্বরের ১৫ তারিখ পর্যন্ত সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত উন্মুক্ত স্থানে কাজ নিষিদ্ধ করেছে।
অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের মে দিবসের বাণী পাঠ করেন দূতাবাসের ডেপুটি চিফ অফ মিশন জনাব মো. ওয়ালিউর রহমান।
সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন হামাদ মেডিক্যাল কর্পোরেশনের সিনিয়র কনসালটেন্ট ও এসোসিয়েট প্রফেসর ডা. মাসুক উদ্দিন। তিনি তাপজনিত বিভিন্ন অসুস্থতা (হিট স্ট্রোক, হিট এক্সহস্টশন ইত্যাদি), এর লক্ষণ, প্রতিরোধ ও ব্যবস্থাপনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
ডা. মাসুক উদ্দিন প্রবাসী শ্রমিকদের উদ্দেশ্যে পরামর্শ দিয়ে বলেন, প্রচণ্ড গরমে পর্যাপ্ত পানি ও খাবার লবণ পান করা, হালকা রঙের ঢিলেঢালা পোশাক পরা, ছায়ায় বিশ্রাম নেওয়া এবং শারীরিক অসুস্থতা বোধ করলে তাৎক্ষণিকভাবে চিকিৎসকের শরণাপন্ন হওয়ার গুরুত্ব। প্রশ্নোত্তর পর্বে তিনি অংশগ্রহণকারীদের ব্যক্তিগত প্রশ্নের উত্তর দেন।
সভাপতির বক্তব্যে রাষ্ট্রদূত হযরত আলী খান মহান মে দিবসের তাৎপর্য তুলে ধরে কাতারে কর্মরত ‘রেমিট্যান্স যোদ্ধা’ প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের শুভেচ্ছা জানান। তিনি বলেন, আসন্ন গরমের মৌসুমে কাতার সরকারের নির্দেশনা যথাযথভাবে মেনে চলার পাশাপাশি ব্যক্তিগত স্বাস্থ্য সতর্কতা অবলম্বন করতে হবে।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের আপ্যায়নের মাধ্যমে সমাপ্তি ঘোষণা করা হয়।
এ ধরনের সেমিনারকে স্বাগত জানিয়ে কমিউনিটির নেতৃবৃন্দ বলেন, দূতাবাসের এ উদ্যোগ প্রবাসী শ্রমিকদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পড়ুন: বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আজ: সূচকে ৩ ধাপ অবনতি বাংলাদেশের


