২০২০ সালের ডিসেম্বরের পরে দেশে হামের টিকা প্রদানে সচেতনতা মূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়নি। গত ৬ বছরে দেশে হামের ক্যাম্পেইন করেনি বিগত সরকার। বিগত দুই সরকারের ব্যর্থতায় শিশুদের হামের টিকা না দেওয়ার কারণে দেশে হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থমন্ত্রী মোঃ সাখাওয়াত হোসেন।
তিনি শুক্রবার সন্ধ্যার কিছুক্ষণ আগে মুন্সিগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল ঝটিকা পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন।
এ সময় তিনি বলেন, সরকার এখন সারা দেশব্যাপী হামের টিকা প্রদান কার্যক্রম শুরু করেছে। শুরুতে দেশের ৩০টি উপজেলায় কার্যক্রম শুরু করলেও গত ২০ তারিখ থেকে সারাদেশে পূর্ণাঙ্গভাবে টিকা প্রদান কার্যক্রম অব্যাহত রয়েছে। এ সময় দ্রুত সময়ে হামের প্রকোপ নিয়ন্ত্রণে চলে আসবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী।
ঝটিকা পরিদর্শনে এসে মন্ত্রী গণমাধ্যমে ভুল তথ্য উপস্থাপনের দায়ে মুন্সিগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ আহাম্মদ কবীরকে প্রত্যাহারের আদেশ দেন এবং তার বিরুদ্ধে দাপ্তরিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মন্ত্রী।
আর আগে স্বাস্থমন্ত্রী মুন্সিগঞ্জের স্বাস্থসেবা কার্যক্রম নিয়ে মতবিনিময় করেন। এ সময় মুন্সিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য এডভোকেট আব্দুস সালাম আজাদ, জেলা প্রশাসক নূর মহল আশরাফী ও পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলমসহ স্বাস্থ বিভাগের বিভিন্নস্থরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পড়ুন- বাংলাদেশে ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’ অবস্থায় রয়েছে হাম পরিস্থিতি


