২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করেনি বাংলাদেশ দল। বিশ্বকাপে না খেলার পর নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা। বিশ্বকাপ না খেলার ঘটনা থেকে ক্রিকেটাররা ‘মুভ অন’ করেছে বলে জানিয়েছেন অধিনায়ক লিটন দাস।
রোববার (২৬ এপ্রিল) কিউইদের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে আসেন বাংলাদেশ অধিনায়ক লিটন। এ সময় সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলার ঘটনা থেকে ক্রিকেটাররা ‘মুভ অন’ করে কি না এমন প্রশ্নে তিনি বলেন, ‘হ্যাঁ, আমার মনে হয়, মুভ অন করেছে। বিশ্বকাপের ওই সময়ে আমরা একটা টুর্নামেন্টও খেলেছি, সেখানে খেলোয়াড়েরা চেষ্টা করেছে ভালো খেলার।’
প্রতিটি ম্যাচই ক্রিকেটারদের জন্য গুরুত্বপূর্ণ উল্লেখ করে লিটন বলেন, ‘এটা আন্তর্জাতিক ম্যাচ, প্রতিটি ম্যাচই প্রতিটি খেলোয়াড়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমার মনে হয়, তারা ওভাবে চিন্তা করবে এবং বাংলাদেশের হয়ে খেলার জন্য যা যা করণীয়, যে জেতার মানসিকতা দরকার, সেটা নিয়ে মাঠে নামবে।’
অন্যদিকে অধিনায়কত্বের মেয়াদ বেড়েছে লিটনের। সবকিছু ঠিকঠাক থাকলে ২০২৮ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত দলকে নেতৃত্ব দিবেন এই উইকেটরক্ষক ব্যাটার। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সত্যি বলতে খুব একটা কথা হয়নি। তারা সিদ্ধান্ত নিয়েছে। তারা মনে করেছে আমি যোগ্য। আমি আমার কাজ করার চেষ্টা করব। দল যেভাবে ২০২৬ বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিয়েছিল, প্রস্তুতি তেমন থাকবে। অবশ্য, এখনও যথেষ্ট সময় আছে।’
পড়ুন- মোমবাতি জ্বালিয়ে এসএসসি পরীক্ষা দিলো শিক্ষার্থীরা
দেখুন- হরমুজে সারি সারি দাঁড়িয়ে ডজনের পর ডজন ট্যাঙ্কার ও মালবাহী জাহাজ


