রংপুরের মিঠাপুকুর উপজেলায় বিদ্যুৎ বিভ্রাটের কারণে মোমবাতি জ্বালিয়ে ইংরেজি প্রথম পত্রের এসএসসি পরীক্ষা দিয়েছে শিক্ষার্থীরা। আজ রোববার (২৬ এপ্রিল) বেলা ১১টার দিকে মিঠাপুকুরের পায়রাবন্দ বেগম রোকেয়া স্মৃতি গার্লস স্কুল অ্যান্ড কলেজ পরীক্ষা কেন্দ্রে এ চিত্র দেখা যায়।
সংশ্লিষ্টরা জানান, সকাল থেকে ওই কেন্দ্রে বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। একাধিকবার বিদ্যুৎ অফিসে জানানো হলেও তা পুনরুদ্ধার করা সম্ভব হয়নি। পরে ঝড়বৃষ্টি শুরু হলে কেন্দ্রসচিবের উদ্যোগে মোমবাতি জ্বালিয়ে পরীক্ষার ব্যবস্থা করা হয়।
এ বিষয়ে কেন্দ্রসচিব ও পায়রাবন্দ বেগম রোকেয়া স্মৃতি গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মাহেদুল আলম বলেন, পরীক্ষার সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ থাকবে—এমন ধারণা থেকেই বিকল্প ব্যবস্থা রাখা হয়নি। সকাল থেকেই বিদ্যুৎ না থাকায় বারবার যোগাযোগ করা হলেও পল্লী বিদ্যুৎ সমিতি থেকে সরবরাহ পুনরুদ্ধার হয়নি। বাধ্য হয়েই মোমবাতি জ্বালিয়ে পরীক্ষা নিতে হয়েছে।
রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জেনারেল ম্যানেজার মোহাম্মদ আশরাফ উদ্দিন খান বলেন, ওই কেন্দ্রটি বলদিপুকুর সাবস্টেশনের আওতাধীন রংপুর গ্রিড লাইনের সঙ্গে সংযুক্ত। গ্রিড লাইনে ত্রুটির কারণে সেখানে বিদ্যুৎ সরবরাহ সম্ভব হয়নি। শঠিবাড়ি গ্রিড থেকে বিকল্প লাইনে সংযোগ দেওয়ার চেষ্টা চলছে।
এ বিষয়ে মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ বলেন, বিষয়টি সম্পর্কে তিনি আগে অবহিত ছিলেন না। কেন্দ্রসচিবও তাকে কিছু জানাননি। তিনি বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে জানান।
পড়ুন: ওয়াশিংটনে গুলির ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারীর পরিচয় শনাক্ত
আর/


