ভোলায় কোস্ট গার্ড ও কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের যৌথ অভিযানে শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে বাজারজাতকরণের উদ্দেশ্যে সরবরাহকৃত বিপুল পরিমাণ নকল বিড়ি জব্দ করা হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভোলা সদর উপজেলার কালীনাথ রায়ের বাজার সংলগ্নে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে কোস্টহার্ড দক্ষিণজোন৷ এসময় পরিচালিত অভিযানে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের সদস্যরা অংশ নেন।
অভিযান চলাকালে সন্দেহভাজন একটি চালান থেকে আনুমানিক ৩ লাখ ৪৮ হাজার টাকা মূল্যের ৪ লাখ ৩৫ হাজার শলাকা নকল বিড়ি জব্দ করা হয়।
জানা যায়, জব্দকৃত এসব বিড়ি শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে বাজারজাতের প্রস্তুতি চলছিল। এতে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা ছিল।
জব্দকৃত বিড়ির বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন কোস্টগার্ড। এ ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত কার্যক্রমও অব্যাহত আছে বলে জানান তারা।
বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. আবুল কাশেম বলেন, চোরাচালান ও রাজস্ব ফাঁকি প্রতিরোধে কোস্ট গার্ড নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছে। জনস্বার্থ ও রাষ্ট্রীয় রাজস্ব সুরক্ষায় ভবিষ্যতেও এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে।
পড়ুন- ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা বাড়ল ইরানের ওপর
দেখুন- প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ স্কাউটসের সদেস্যদের সাক্ষাৎ


