মেহেরপুর শহরের শেখপাড়া এলাকায় জমি সংক্রান্তের জেরে মামাতো ভাইয়ের দায়ের কোপর গোলাম(৪৫)নামের একজন নিহত হয়েছে। মঙ্গলবার (৫ মে) রাত ৮টার দিকে শেখপাড়া ৪ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত গোলাম একই এলাকার বাসিন্দা রেহেসানের ছেলে।
অভিযুক্ত কালু, যিনি নিহতের মামাতো ভাই এবং একই এলাকার আকুব্বারের ছেলে, ঘটনার পর থেকে পলাতক রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল দুই মামাতো ভাইয়ের মধ্যে। এরই জেরে মঙ্গলবার সন্ধ্যায় তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে সংঘর্ষে রূপ নেয়।
এ সময় অভিযুক্ত কালু ধারালো দা দিয়ে গোলামের ওপর অতর্কিত হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পরপরই এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।
মেহেরপুর সদর থানার ওসি হুমায়ূন কবির জানান, ঘটনার খবর পেয়ে দ্রুত পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে।
পড়ুন : খুলনায় গুলিবিদ্ধ যুবককে ঢাকায় নেয়ার পথে অ্যাম্বুলেন্সেও হামলা


