মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দীর কিবরিয়া ফিলিং স্টেশনে সেচ কাজের জন্য ডিজেল নিতে এসে ট্রাকের ধাক্কায় আওরঙ্গজেব (৫৮) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার(২০ এপিল) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আওরঙ্গজেব গাংনী উপজেলার তেতুলবাড়িয়া ইউনিয়নের করমদি গ্রামের মাদ্রাসাপাড়ার নাসিম উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সেচের জন্য ডিজেল সংগ্রহ করে একটি তেলের কন্টেইনার হাতে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বামন্দীর একটি ক্লিনিকে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে অবস্থার আরও অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বিকালে তার মৃত্যু হয়।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস জানান,এ ঘটনায় পুলিশ ঘাতক ট্রাক ও চালককে আটক করেছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

