৭৪ মেহেরপুর-০২ (গাংনী আসনের সংসদ সদস্য নাজমুল হুদার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে লাঠি হাতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। বুধবার (০৪ মার্চ) বিকাল চারটার দিকে গাংনী উপজেলা জামায়াতের কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়।
মিছিলটি হাসপাতাল বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড চত্বরে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় নেতাকর্মীদের হাতে লাঠি দেখা যায় এবং তারা হামলার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন। পরিস্থিতি শান্তিপূর্ণ থাকলেও মিছিল ঘিরে এলাকায় উত্তেজনা বিরাজ করে।
বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন গাংনী উপজেলা জামায়াতের আমির ডা. রবিউল ইসলাম, সেক্রেটারি মাওলানা জাহাঙ্গীর আলম, সাবেক সেক্রেটারি শফিউল ইসলাম, জামায়াত নেতা আহসানুল হক, পৌর জামায়াতের সেক্রেটারি ওয়াস কুরুনি ও মাওলানা আব্দুল হালিমসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, সংসদ সদস্যের উপর হামলার চেষ্টা গণতন্ত্রের উপর আঘাত। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন বক্তারা।
উল্লেখ্য, বুধবার দুপুরে গাংনী উপজেলা পরিষদের সভাকক্ষে আইনশৃঙ্খলা ও চোরাচালানবিরোধী সভা চলাকালে একদল যুবদল কর্মী হট্টগোল সৃষ্টি করে। অভিযোগ উঠেছে, এ সময় তারা জামায়াত সমর্থিত কাজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলম হোসেনের ওপর হামলার চেষ্টা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা হস্তক্ষেপ করেন। পরে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন।


