বাইরে থেকে দেখলে প্রথম দর্শনে যে কেউ এটিকে কোনো প্রাচীন রাজা বা জমিদারের রাজপ্রাসাদ বলে ভুল করতে পারেন। দৃষ্টিনন্দন কারুকার্য আর ঐতিহাসিক স্থাপত্যশৈলীতে ঘেরা এই ভবনটি আসলে কিশোরগঞ্জ ২ নং পুলিশ ফাঁড়ি। দীর্ঘদিন অবহেলায় ভবনের চারপাশ লতাপাতা, আগাছা আর পরগাছা গাছে ঢাকা পড়ে থাকায় এর প্রকৃত সৌন্দর্য হারিয়ে গিয়েছিল।
অবশেষে সেই জীর্ণ দশা কাটিয়ে ভবনটিকে তার পুরোনো আভিজাত্যে ফিরিয়ে আনা হয়েছে। কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়ার নির্দেশে ও সরাসরি তত্ত্বাবধানে আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দিনভর বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
পরিচ্ছন্নতা অভিযান আজ সকাল থেকেই ফাঁড়ির চারপাশ এবং ছাদ থেকে ঝুলে থাকা পরগাছা ও জঙ্গল পরিষ্কারের কাজ শুরু হয়।
কিশোরগঞ্জ মডেল থানার ওসি আবুল কালাম ভূঁইয়া নিজে উপস্থিত থেকে এই কাজের তদারকি করেন।
সারাদিনের প্রচেষ্টায় ভবনটি এখন পরিষ্কার-পরিচ্ছন্ন এবং একটি সুন্দর, মনোরম পরিবেশে রূপ নিয়েছে।
দীর্ঘদিন পর ভবনটির কারুকার্য দৃশ্যমান হওয়ায় স্থানীয় পথচারী এবং সচেতন মহলের নজর কেড়েছে এই উদ্যোগ। সাধারণ মানুষ ও পুলিশের সেবা নিতে আসা ব্যক্তিরা এই মহতী উদ্যোগের প্রশংসা করে বলছেন, অফিসের পরিবেশ সুন্দর থাকলে সেবার মান ও মানসিক প্রশান্তি দুই-ই বৃদ্ধি পায়।
এ বিষয়ে ওসি আবুল কালাম ভূঁইয়া জানান, ঐতিহ্যবাহী এই স্থাপনাটির সৌন্দর্য রক্ষা করা এবং একটি স্বাস্থ্যকর কর্মপরিবেশ নিশ্চিত করতেই এই পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
পড়ুন- সংরক্ষিত আসনের জন্য জামায়াতের যে সাত নেত্রী পেলেন গ্রিন সিগন্যাল
দেখুন- ‘গণভোট যদি অবৈধ হবে তবে প্রস্তাব আপনারাই করেছিলেন কেন?’


