বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান আজ সোমবার রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় সেনাপ্রধান রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টাকে তাঁর (সেনাপ্রধান) সাম্প্রতিক চীন সফরের বিষয়ে অবহিত করেন।
বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে এবং পরবর্তীতে বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে সেনাবাহিনী প্রধান সম্প্রতি তাঁর চীন সফরকালীন অনুষ্ঠিত বিভিন্ন বৈঠকের অভিজ্ঞতা ও আলোচনার গুরুত্বপূর্ণ দিকসমূহ তুলে ধরেন। পাশাপাশি, দেশের সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং তা উন্নয়নে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়।
আলোচনায় সেনাবাহিনী প্রধান আশ্বস্ত করেন যে, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবে। এছাড়াও, সেনাবাহিনী প্রধান সেনাবাহিনীর অভ্যন্তরীণ চলমান উন্নয়নমূলক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টাকে অবহিত করেন।
রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পর দুপুর ১২টার দিকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। এই বৈঠকেও সেনাপ্রধান তাঁর চীন সফর সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।
সেনাপ্রধান গত ২০ আগস্ট সরকারি সফরে চীনে যান। ২৮ আগস্ট পাঠানো আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৭ আগস্ট রাতে সেনাপ্রধান দেশে ফেরেন। সফরকালে তিনি চীনের পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) স্থলবাহিনীর পলিটিক্যাল কমিশনার জেনারেল শেন হুইসহ উচ্চপদস্থ চীনা সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। তিনি দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
উল্লেখ্য, সেনাপ্রধান গত রোববার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে তাঁর বাসভবনে সাক্ষাৎ করেছিলেন। এই সাক্ষাতে আইনি ও অন্যান্য কিছু বিষয়ে আলোচনা হয়।


