জাতীয় সংসদে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানার দেওয়া বক্তব্যের সময় ট্রেজারি বেঞ্চের (সরকারি দল) কিছু এমপির অঙ্গভঙ্গি নিয়ে ক্ষোভ প্রকাশ করে নিন্দা জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান।
রোববার (১৯ এপ্রিল) সংসদের অধিবেশন চলাকালে তিনি এই ক্ষোভ প্রকাশ করেন।
রুমিন ফারহানা সংসদে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও জ্বালানি সংকট মোকাবিলায় সরকারের নেওয়া পদক্ষেপের সমালোচনা করেন। তারপর সংসদে সাময়িক উত্তেজনার সৃষ্টি হয়। এসময় ফ্লোর নিয়ে দাঁড়ান বিরোধীদলীয় নেতা।
সেসময় তিনি বলেন, এই সংসদ দেশের সর্বোচ্চ সম্মানের জায়গা। যারা এখানে নির্বাচিত হয়ে এসেছেন, দেশের জনগণের সমর্থন, ভোট, ভালোবাসা, শ্রদ্ধা নিয়ে এসেছেন। সেই জায়গায় একজন স্বতন্ত্র সংসদ সদস্য (রুমিন ফারহানা) যখন কথা বলছিলেন, তখন ট্রেজারি বেঞ্চ থেকে কিছু অঙ্গভঙ্গি এসেছে, যা আমার বিবেকে আঘাত লেগেছে।
জামায়াত আমির আরও বলেন, একাধিকবার নির্বাচিত হয়ে এই সংসদে যারা এসেছেন, তাদের কেউ কেউ-ও এ কাজটা করেছেন। আমি তাদের নাম বলে নিজে লজ্জা পেতে চাই না।
এছাড়া, এই ঘটনায় তিনি দুঃখপ্রকাশ করেন এবং সরকারি দলের উদ্দেশে নিন্দা জ্ঞাপন করেন।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

