হবিগঞ্জের নবীগঞ্জে সরকারি জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মনজুর মিয়া নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।
রবিবার দুপুরে উপজেলার করগাঁও ইউনিয়নের বেগমপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত মনজুর মিয়া ওই গ্রামের খলিলুর রহমানের ছেলে এবং নবীগঞ্জ সরকারি কলেজের ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
পুলিশ জানায়, বেগমপুর গ্রামের একটি সরকারি জমি দীর্ঘদিন ধরে খলিলুর রহমান ভোগদখল করে আসছিলেন। সম্প্রতি প্রতিপক্ষ হেলাল মিয়া ওই জমি বন্দোবস্ত নিয়েছেন বলে দাবি করেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। আাজ দুপুরে হেলাল মিয়ার লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জমিতে গিয়ে খলিলুর রহমানের লোকজনকে কাজ করতে বাধা দেয়। এ নিয়ে উভয় পক্ষের সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষে মনজুর মিয়া গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এছাড়া সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ১০ জনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পড়ুন : তালতলীতে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যু, বাবা হাসপাতালে


