বিজ্ঞাপন

রেললাইনে ঢুকে চলন্ত ট্রেনের ইঞ্জিনে লরির ধাক্কা, চাপা পড়ে নিহত ১

রেললাইনে ঢুকে একটি চলন্ত ট্রেনের ইঞ্জিনে ধাক্কা দেয় একটি পণ্যবোঝাই লরি। এ সময় একটি বগিসহ ট্রেনের ইঞ্জিন ও লরিটি রেললাইনের ওপর উল্টে পড়ে। লরিটির নিচে চাপা পড়ে নিহত হন এক ব্যক্তি। আজ মঙ্গলবার ভোরে চট্টগ্রাম নগরের সাগরিকা এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে।

নিহত ব্যক্তির নাম শামসুল হাই (৬০)। তাঁর বাড়ি চট্টগ্রাম নগরের পাহাড়তলীর দিদার কলোনিতে। তিনি ওই এলাকায় থাকা দোকানগুলোর নিরাপত্তা প্রহরী হিসেবে কাজ করতেন। দুর্ঘটনার সময় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

দুর্ঘটনায় ট্রেনের লোকোমাস্টার (ট্রেনচালক) মনিরুল ইসলাম ও সহকারী লোকোমাস্টার মো. আলমগীর আহত হয়েছেন। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। লাইনচ্যুত হয়ে উল্টে পড়া ইঞ্জিন ও বগি উদ্ধারে চট্টগ্রামের পাহাড়তলী ও কুমিল্লার লাকসাম থেকে উদ্ধারকারী ট্রেন নিয়ে আসা হচ্ছে বলে জানিয়েছেন রেল কর্মকর্তারা।

রেলের নিয়ন্ত্রণকক্ষের তথ্য অনুযায়ী, নগরের চট্টগ্রাম গুডস পোর্ট ইয়ার্ড (সিজিপিওয়াই) থেকে মালবাহী ট্রেনটি ঢাকার উদ্দেশে রওনা দেয় ভোর ৪টায়। ভোর ৪টা ২০ মিনিটের দিকে সাগরিকার বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামের পাশ দিয়ে যাচ্ছিল ট্রেনটি। এ সময় লরিটি রেললাইনে ঢুকে পড়ে সরাসরি ট্রেনের ইঞ্জিনে ধাক্কা দেয়। এ সময় ইঞ্জিন ও একটি বগি লাইনচ্যুত হয়। দুর্ঘটনার পর ট্রেনের বাকি মালবাহী বগিগুলো সিজিপিওয়াই স্টেশনে নিয়ে আসা হয়েছে।

গেটম্যানের অবহেলায় এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন রেলের কর্মকর্তারা। রেলওয়ের পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনিসুর রহমান বলেন, গেটম্যানের অবহেলা রয়েছে। গেট খোলা ছিল। এতে দ্রুতগামী লরিটি মালবাহী ট্রেনের ইঞ্জিনে ধাক্কা দিয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : চট্টগ্রামে ব্যানার টানানো নিয়ে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, নিহত ১

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন