বিজ্ঞাপন

লিমন-বৃষ্টি হত্যাকাণ্ড: স্মৃতি রক্ষায় যে পদক্ষেপ নিলো যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নৃশংস হত্যার শিকার বাংলাদেশি দুই পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টির নামে স্মৃতিসৌধ নির্মাণের ঘোষণা দিয়েছেন ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার প্রেসিডেন্ট ময়েজ লিমায়েন।

স্থানীয় সময় শুক্রবার (১ মে) ক্যাম্পাস সংলগ্ন ক্রিসেন্ট হিলে লিমন ও বৃষ্টির শোক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ময়েজ লিমায়েন বলেন, আগামী সপ্তাহে অনুষ্ঠেয় সমাবর্তন অনুষ্ঠানে বৃষ্টি ও লিমনকে স্মরণ করা হবে। তাদেরকে চিরস্মরণীয় করে রাখতে ক্যাম্পাসে একটি স্মৃতিসৌধ নির্মাণ করা হবে।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন ‘বাংলাদেশ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা’র নেতারা বক্তব্য দেন। লিমন ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় ভূগোল, পরিবেশ বিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন। আর বৃষ্টি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করছিলেন।

গত ১৬ এপ্রিল নিখোঁজ হন তারা। প্রায় ১০ দিন নিখোঁজ থাকার পর শুক্রবার (২৪ এপ্রিল) টাম্পা বে এলাকায় একটি সেতুর কাছ থেকে লিমনের মরদেহ উদ্ধার করে পুলিশ। একইদিন হিশাম আবুঘরবেহ নামে লিমনের রুমমেট মার্কিন নাগরিককে সন্দেহভাজন খুনি হিসেবে গ্রেফতার করা হয়।

গত ২৬ এপ্রিল হিলসবরো কাউন্টি শেরিফ অফিস জানায়, জামিল আহমেদ লিমনের মরদেহ উদ্ধারের স্থানসংলগ্ন এলাকায় আরও একটি অজ্ঞাত দেহাবশেষ উদ্ধার করা হয়েছে। পরে শুক্রবার স্থানীয় পুলিশ কর্তৃপক্ষ জানায়, ফ্লোরিডায় উদ্ধার হওয়া দ্বিতীয় মরদেহটি নাহিদা সুলতানা বৃষ্টির। ফ্লোরিডা পুলিশ ডিপার্টমেন্টের পক্ষ থেকে বৃষ্টির ভাইকে ফোন করে মরদেহ শনাক্তের বিষয়টি জানানো হয়েছে বলে ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস জানিয়েছে।

তাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা বলেছেন, পরিবারের পক্ষ থেকে নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দ্রুত বাংলাদেশে পাঠানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে। এরইমধ্যে ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং মিয়ামিতে বাংলাদেশ কনস্যুলেট যৌথভাবে মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে।

অন্যদিকে লিমনের মরদেহ শনিবার (২ মে) ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশে পাঠানো হবে। জানা গেছে, মরদেহটি দুবাই হয়ে ঢাকায় পৌঁছাবে সোমবার (৪ মে)।

তথ্যসূত্র: এওল.কম

বিজ্ঞাপন

পড়ুন : কাতার ও ইসরায়েলকে ৫ বিলিয়ন ডলারের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন