হোয়াইট হাউসের ওভাল অফিসে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকের পর লেবানন ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধবিরতির মেয়াদ আরও তিন সপ্তাহ বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এ ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স জানায়, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ওয়াশিংটনে অনুষ্ঠিত ওই বৈঠকে ইসরায়েল ও লেবাননের রাষ্ট্রদূতরা অংশ নেন। বৈঠকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওসহ ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
লেবাননের রাষ্ট্রদূত নাদা মোয়াদ এ উদ্যোগের জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানান। ট্রাম্প আশা প্রকাশ করে বলেন, চলতি বছরের মধ্যেই দুই দেশ একটি চূড়ান্ত শান্তি চুক্তিতে পৌঁছাতে সক্ষম হবে।
তবে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হলেও দক্ষিণ লেবাননে উত্তেজনা এখনো প্রশমিত হয়নি। গত বুধবার ইসরায়েলি হামলায় এক সাংবাদিকসহ পাঁচজন নিহত হন, যা যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর সবচেয়ে প্রাণঘাতী ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।
এ ঘটনায় হিজবুল্লাহ তীব্র প্রতিবাদ জানিয়ে বলেছে, ইসরায়েলকে অবশ্যই যুদ্ধবিরতির শর্ত মেনে চলতে হবে। তবে সংগঠনটি বর্তমান শান্তি আলোচনায় অংশ নিচ্ছে না।
পড়ুন: ছাত্রদল-শিবিরের পাল্টাপাল্টি মহড়া, ঢাবি ক্যাম্পাস থমথমে
আর/


