দক্ষিণ লেবাননে সামরিক অভিযানে অংশ নেওয়া ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে লুটপাটের অভিযোগ ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। ইসরায়েলের গণমাধ্যম হারেৎজ-এর এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, লুট হওয়া সামগ্রীর মধ্যে স্বর্ণের বারও রয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, এক রিজার্ভ সেনা তার সহকর্মীর বিরুদ্ধে স্বর্ণের বার চুরির অভিযোগ করেছেন। তিনি জানিয়েছেন, নিজের চোখে এ ঘটনা দেখেছেন। যদিও সংশ্লিষ্ট ঘটনার বিষয়ে সেনাবাহিনী শুরুতে অবগত ছিল না বলে দাবি করা হয়েছে, পরবর্তীতে অভিযোগগুলো খতিয়ে দেখতে তদন্ত শুরু করা হয়েছে।
এর আগে ঘরবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে লুটপাটের অভিযোগও প্রকাশ্যে আসে। হারেৎজ জানায়, ইসরায়েলি সামরিক বাহিনীর ভেতরে এ ধরনের অভিযোগ নতুন নয়; গাজা যুদ্ধের সময়ও একই ধরনের অভিযোগ উঠেছিল।
কমান্ডারদের ‘অবগতির’ অভিযোগ
প্রতিবেদনে আরও বলা হয়, দক্ষিণ লেবাননের ঘরবাড়ি ও দোকানপাট থেকে মোটরসাইকেল, টেলিভিশন, আসবাবপত্র, পেইন্টিং ও কার্পেটসহ বিভিন্ন সামগ্রী লুট করার অভিযোগ রয়েছে। কিছু সেনা দাবি করেছেন, তাদের ঊর্ধ্বতন কমান্ডাররা এসব বিষয়ে অবগত থাকলেও কার্যকর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে না। রিজার্ভ সেনাদের মধ্যেই এ প্রবণতা তুলনামূলক বেশি দেখা যাচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তদন্তের নির্দেশ
এদিকে, ইসরায়েলি সেনাবাহিনীর চিফ অব স্টাফ আইয়াল জামির অভিযোগগুলোর বিষয়ে সামরিক পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে সীমান্তে নিরাপত্তা জোরদার, প্রবেশ ও প্রস্থানপথে নজরদারি বৃদ্ধি এবং যাতায়াতকারী যানবাহনে তল্লাশি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।
যুদ্ধ পরিস্থিতি ও হতাহতের তথ্য
গত ২ মার্চ থেকে লেবাননে ইসরায়েলি হামলায় দুই হাজার ৪৭৫ জনের বেশি মানুষ নিহত, প্রায় সাত হাজার ৭০০ জন আহত এবং ১৬ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।
গত বৃহস্পতিবার মার্কিন মধ্যস্থতায় তিন সপ্তাহের জন্য যুদ্ধবিরতি বাড়ানোর ঘোষণা এলেও, অভিযোগ রয়েছে—দক্ষিণ লেবাননে বিমান হামলা ও গোলাবর্ষণের মাধ্যমে ইসরায়েলি বাহিনী নিয়মিত তা লঙ্ঘন করছে।
পড়ুন: সংসদ ভবনসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার আশঙ্কা, সারা দেশে সতর্কতা জোরদার
আর/


