নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ওমর আলী উচ্চ বিদ্যালয়ে ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা নেওয়ার অভিযোগ উঠেছে। জানা গেছে, ২০২৬ সালের পরীক্ষায় ভুলবশত ২০২৫ সালের পুরোনো প্রশ্নপত্র বিতরণ করা হয়।
পরীক্ষা শুরুর পর প্রায় দেড় ঘণ্টা অতিবাহিত হলে বিষয়টি ধরা পড়ে। পরে তড়িঘড়ি করে পরীক্ষা স্থগিত করে নতুন প্রশ্নপত্র সরবরাহ করা হয় এবং অতিরিক্ত সময় দিয়ে পুনরায় পরীক্ষা গ্রহণ করা হয়।
এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। অনেক শিক্ষার্থী অভিযোগ করে বলেন, দীর্ঘ সময় ভুল প্রশ্নে পরীক্ষা দেওয়ার কারণে তারা মানসিকভাবে ভেঙে পড়ে এবং নতুন করে পরীক্ষা দিতে গিয়ে চাপে পড়ে যায়। এতে তাদের স্বাভাবিক পারফরম্যান্স ব্যাহত হয়েছে।
অভিভাবকরাও ক্ষোভ প্রকাশ করে বলেন, এমন দায়িত্বজ্ঞানহীনতার কারণে শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে বিদ্যালয় কর্তৃপক্ষের বক্তব্য জানতে চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
পড়ুন- বাংলাদেশে বৈদেশিক ঋণ ৭৮.০৬৭ বিলিয়ন ডলার
দেখুন- ভার্চুয়াল কোর্ট বাতিলের দাবিতে সুপ্রিম কোর্টে আইনজীবীদের বিক্ষোভ


