চাঁপাইনবাবগঞ্জে শিশুদের চিকিৎসা সেবার এগিয়ে এসেছে সামাজিক সংগঠন সাবিয়া ফাউন্ডেশন। সংগঠনটির উদ্যোগে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে শিশুদের হাম ও শ্বাসকষ্টজনিত রোগের চিকিৎসায় ব্যবহারের জন্য আধুনিক নেবুলাইজার মেশিন প্রদান করা হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) দুপুরে হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে এসব নেবুলাইজার মেশিন হাসপাতালের তত্ত্বাবধায়ক ও দায়িত্বরত চিকিৎসকদের হাতে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। এতে উপস্থিত ছিলেন সাবিয়া ফাউন্ডেশনের নির্বাহী সদস্য আব্দুল ওদুদ, সিফাত, আতিক রায়হান, মনিরুল ইসলাম, জাহিদসহ সংগঠনের অন্যান্য সম্মানিত সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সময়ে শিশুদের মধ্যে শ্বাসকষ্ট ও হামজনিত জটিলতা বৃদ্ধি পাচ্ছে। এমন পরিস্থিতিতে আধুনিক চিকিৎসা সরঞ্জামের প্রাপ্যতা রোগীদের দ্রুত সুস্থতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সাবিয়া ফাউন্ডেশনের এই উদ্যোগ স্থানীয় স্বাস্থ্যসেবার মান উন্নয়নে সহায়ক হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
সাবিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রাসেল রানা জানান, প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটি মানবিক ও সামাজিক দায়বদ্ধতা থেকে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন এবং স্বাস্থ্যখাতে সহায়তা প্রদান তাদের অন্যতম প্রধান লক্ষ্য।
তিনি আরও বলেন, সমাজের সার্বিক উন্নয়নে আমরা কাজ করে যেতে চাই। ভবিষ্যতেও স্বাস্থ্য, শিক্ষা ও পরিবেশসহ বিভিন্ন খাতে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।
হাসপাতাল কর্তৃপক্ষ সাবিয়া ফাউন্ডেশনের এই উদ্যোগকে সময়োপযোগী ও মানবিক উল্লেখ করে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, এই ধরনের সহযোগিতা সরকারি স্বাস্থ্যসেবাকে আরও গতিশীল করতে সহায়ক ভূমিকা পালন করবে এবং বিশেষ করে শিশুদের চিকিৎসা সেবায় ইতিবাচক প্রভাব ফেলবে।
উল্লেখ্য, সাবিয়া ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে চাঁপাইনবাবগঞ্জ সহ বিভিন্ন এলাকায় সামাজিক উন্নয়ন, মানবিক সহায়তা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে, যা স্থানীয়ভাবে প্রশংসা অর্জন করেছে।
পড়ুন : বেনাপোল সীমান্তের ইছামতি নদী থেকে ৫ মাদক ব্যবসায়ী আটক


