বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম,কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ (জেসিএমএস) বিভাগের উদ্যোগে রোববার (৭ সেপ্টেম্বর) ‘নিউজরুম টু বোর্ড রুম:ডিফারেন্ট ক্যারিয়ার উইন্ডোজ’ শীর্ষক এক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সেমিনারের প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ডিসেলস্, এ ৩৬০° কমিউনিকেশন ফার্ম এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কনসালটেন্ট সৌরভ পান্ডে। বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন জেসিএমএস বিভাগের কোঅর্ডিনেটর শাতিল সিরাজ।

সেমিনারের শুরুতে বিভাগে নবনিযুক্ত শিক্ষক মোহা. মোস্তাফিজুর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
সাংবাদিকতার শিক্ষার্থীদের জন্য সাংবাদিকতার বাইরেও যে বিশাল সেক্টর রয়েছে সে বিষয়ে এই সেমিনারে বিস্তারিত আলোকপাত করা হয় । কীভাবে দেশে থেকে বিদেশে কাজ করা যায়, কীভাবে কমিউনিকেশনে এক্সপার্ট হওয়া যায় সে বিষয়ে বিস্তারিত ধারণা দেন প্রধান আলোচক।
প্রধান আলোচক সৌরভ পান্ডে তার বক্তব্যে বলেন, শুধু নিউজরুম নয়, এর বাইরেও সাংবাদিকতার শিক্ষার্থীদের জন্য বিশাল জগৎ অপেক্ষা করছে যার সুযোগ তারা নিতে পারেন। পাশাপাশি আত্মবিশ্বাসী হতে হবে। গণমাধ্যমের বর্তমান বাস্তবতা জানতে হবে।

সৌরভ পান্ডে শিক্ষার্থীদের বলেন, সফল হতে হলে শুধু একাডেমিক পড়াশোনা নয়, বরং যোগাযোগ দক্ষতা, প্রযুক্তি ব্যবহার এবং নিজেকে উপস্থাপনের ক্ষমতা বাড়াতে হবে। বিশেষভাবে ডিজিটাল মার্কেটিংয়ের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করে তিনি বলেন, বর্তমান সময়ে প্রতিটি প্রতিষ্ঠান ডিজিটাল মাধ্যমে নিজেদের পরিচিতি বাড়াতে আগ্রহী। ফলে সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের জন্য এই খাতে বিশাল সম্ভাবনা রয়েছে।
তিনি সাংবাদিকতার সম্ভাবনাময় আরো কিছু ক্ষেত্র নিয়েও আলোচনা করেন,যেমন- ব্র্যান্ড জার্নালিজম, মার্কেট রিসার্চ অ্যানালিস্ট, সোশ্যাল মিডিয়া ম্যানেজার ইত্যাদি। এক্ষেত্রে শিক্ষার্থীরা কিভাবে নিজেদের প্রস্তুত করতে পারে সেই বিষয়ে বিশদ আলোচনা করেন তিনি।
প্রধান আলোচকের বক্তব্য উপস্থাপনের পর অনুষ্ঠিত প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীরা বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন এবং আলোচক সেগুলোর উত্তর প্রদান করেন। জেসিএমএস বিভাগের শিক্ষক মোস্তাফিজুর রহমান সেমিনারের প্রধান আলোচক সৌরভ পান্ডের পরিচিতি ও কর্ম সম্পর্কে আলোকপাত করেন।
আরো বক্তব্য উপস্থাপন করেন জেসিএমএস বিভাগের শিক্ষক মো. সাজ্জাদ হোসেন। শতাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে এই সেমিনারে আরো উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মিডিয়া অ্যাডভাইজার ও জেসিএমএস বিভাগের অ্যাডজাঙ্কট ফ্যাকাল্টি আরআইএম গোলাম রাব্বানী, জেসিএমএস বিভাগের শিক্ষক মুহাম্মদ রাকিব হোসাইন, তন্দ্রা মন্ডল, সাঈদ ইবরাহীম রিফাত, ও ফাতেমা-তুজ-জোহরা।
পড়ুন: চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা: ২৫ কোটি টাকার টেন্ডারে অনিয়মের অভিযোগ
এস/


