চলতি শিক্ষাবর্ষের (২০২৫-২৬) একাদশ শ্রেণিতে ভর্তির চূড়ান্ত সময় শেষ হচ্ছে রোববার (১৪ সেপ্টেম্বর)। নির্বাচিত শিক্ষার্থীদের আজই নিজ নিজ কলেজে গিয়ে ফি জমা দিয়ে ভর্তি নিশ্চিত করতে হবে। পরদিন সোমবার (১৫ সেপ্টেম্বর) থেকে শুরু হবে একাদশ শ্রেণির নিয়মিত ক্লাস।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, তৃতীয় ধাপের পরও দেশে ৫ হাজার ২৪০ জন শিক্ষার্থী কোনো কলেজে ভর্তি হতে পারেননি। এর মধ্যে ২৯৫ জন শিক্ষার্থীর জিপিএ-৫ রয়েছে।
এর আগে, গত ৫ সেপ্টেম্বর একাদশ শ্রেণির ভর্তির তৃতীয় ধাপের ফল এবং সর্বশেষ মাইগ্রেশনের ফল প্রকাশ করা হয়। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের পরবর্তী ৪৫ কর্মদিবসের মধ্যে ভর্তি ও ক্লাস শুরুর পুরো প্রক্রিয়া শেষ করতে হবে।
এবারও একাদশ শ্রেণিতে ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনে সম্পন্ন করা হয়েছে। শিক্ষার্থীরা সর্বোচ্চ ১০টি কলেজ পছন্দক্রমে বেছে আবেদন করতে পেরেছেন। ভর্তি ফি অঞ্চল ও কলেজভেদে এক হাজার থেকে আট হাজার পাঁচশ টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
নীতিমালা অনুযায়ী ৯৩ শতাংশ আসন উন্মুক্ত রাখা হয়েছে। মুক্তিযোদ্ধা কোটাসহ বাকি সাত শতাংশ আসন সংরক্ষিত। সমান জিপিএ প্রাপ্ত শিক্ষার্থীদের ক্ষেত্রে নম্বর বিবেচনায় মেধাক্রম ঠিক করা হয়েছে। নিজ কলেজে এসএসসি পাস করা শিক্ষার্থীরা অগ্রাধিকার ভিত্তিতে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন।
পড়ুন: চার হাজার টাকার জন্য খুন হলেন কলেজ শিক্ষার্থী
এস/


