আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি চালুসহ ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মেহেরপুর জেলা জামায়াতে ইসলামী।
রবিবার সকাল ১০টায় শহরের শহিদ সামসুজ্জোহা পার্ক থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে প্রধান সড়ক পদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী’র আমির ও মেহেরপুর-১ আসনের প্রার্থী মাওলানা তাজউদ্দিন খান।
এসময় আরও বক্তব্য রাখেন মেহেরপুর শ্রমিক ফেডারেশনের জেলা সভাপতি আব্দুর রউফ মুকুল, জেলা জামায়াতে ইসলামী’র সেক্রেটারি ইকবাল হোসেন, রাজনৈতিক সেক্রেটারি কাজী রুহুল আমিন, সদর উপজেলা আমির সোহেল রানা, উপজেলা সেক্রেটারি ও আমঝুপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী জাব্বারুল ইসলাম মাস্টার, মুজিবনগর উপজেলা আমির মাওলানা খানজাহান আলী, উপজেলা নায়েবে আমির মাওলানা ফিরাতুল ইসলাম এবং জেলা প্রচার ও মিডিয়া সেক্রেটারি মো. খাইরুল বাসারসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, আমরা মনে করি ৫ দফা দাবিসমূহ বাস্তবায়িত হলে জনগণের আস্থা পুনরুদ্ধার হবে, রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসবে এবং আগামী ফেব্রুয়ারিতে একটি গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন আয়োজন করা সম্ভব হবে। এতে বাংলাদেশ একটি অনন্য উচ্চতায় আসীন হবে।
তারা প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়ে বলেন, জনগণের প্রত্যাশা পূরণের লক্ষ্যে আমরা এই ৫ দফা দাবিগুলো দ্রুত বাস্তবায়নের জোর দাবি জানাচ্ছি।
সমাবেশ শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ।
পড়ুন: ঢাকা থেকে চুরি হওয়া ট্রাক যশোরের গ্যারেজ থেকে উদ্ধার, গ্রেপ্তার- ১
দেখুন: লাগামছাড়া জীবনযাত্রার ব্যয়, ঢাকা ছাড়তে চায় মানুষ
ইম/


