নভেম্বরের মধ্যেই গণভোট আয়োজন ও সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে রাজধানীর পল্টন মোড়ে সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ আটটি ইসলামি রাজনৈতিক দল।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল থেকে দলে দলে মিছিল নিয়ে পল্টন মোড়ে জড়ো হন শত শত নেতাকর্মী। এতে এলাকায় যান চলাচল বন্ধ হয়ে পড়ে।
বেলা সাড়ে ১০টার দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে মিছিল এসে পল্টন মোড়ে অবস্থান নেয়। ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখর হয়ে ওঠে এলাকা।
একই দাবিতে অংশ নেয় সমমনাদেরও
একই দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির নেতাকর্মীরাও সেখানে যোগ দেন।
পল্টনে সংক্ষিপ্ত সমাবেশ শেষে তারা প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বাসভবন ‘যমুনা’র উদ্দেশে পদযাত্রা করেন। পরে ৫ দফা দাবিতে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দেওয়ার কথা রয়েছে।
এর আগে গত সোমবার (৩ নভেম্বর) রাজধানীর পুরানা পল্টনে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন জামায়াতসহ ৮ ইসলামি দলের নেতারা।
জামায়াতসহ ৮ ইসলামী দলের ৫ দফা দাবিগুলো হলো-
১) জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও উক্ত আদেশের উপর আগামী নভেম্বরের মধ্যেই গণভোট আয়োজন করা।
২) আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা।
৩) অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা।
৪) ফ্যাসিস্ট সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা।
৫) স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।
পড়ুন: পাঁচ দাবিতে আট ইসলামি দলের পদযাত্রা আজ
আর/


